১৯৯৪ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন গত ১৮ বছরে এর আগে মাত্র দুবার জাতীয় প্রতিযোগিতার আয়োজন করতে পেরেছে! কাল তৃতীয় জাতীয় প্রতিযোগিতা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে সেটি এক দিন পিছিয়ে শুরু হবে আজ। বঙ্গবন্ধু স্টেডিয়ামের সামনের গাড়ি পার্কিংয়ের জায়গাটা প্রতিযোগিতার ভেন্যু। দেশের অপ্রচলিত এ খেলাটির উন্নয়ন ও প্রসারে যেন কোনো পরিকল্পনাই নেই ফেডারেশন কর্মকর্তাদের। ফেডারেশনটি দেড় যুগ ধরে চলছে অ্যাডহক কমিটি দিয়ে! গত ফেব্রুয়ারিতে গঠিত হয়েছে ১১ সদস্যের নতুন কমিটি। সভাপতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের সচিব আবুল কালাম আজাদ। সাধারণ সম্পাদক আসিফুল হাসান। এত দিন ধরে কেন খেলাধুলা নেই—প্রশ্নের উত্তরে দায়টা আগের কমিটির কর্মকর্তাদের ওপরই চাপিয়েছেন আসিফুল, ‘আগের কমিটির কর্মকর্তারা ভালো টেকনিক্যাল সাপোর্ট পেয়েও কাজ করেননি।’ প্রতিযোগিতায় কতগুলো দল অংশ নিচ্ছে, কোন কোন ক্যাটাগরিতে খেলা হবে সেগুলো খোদ সাধারণ সম্পাদকও ঠিকমতো জানেন না। এ ব্যাপারে তিনি বললেন, ‘কতগুলো ক্যাটাগরিতে খেলা হবে সেটা কাগজপত্র দেখে বলতে হবে।’সারা দেশের ১৪টি ক্লাব, ১টি জেলা ও ১টি স্কেটিং অ্যাসোসিয়েশন থেকে ১৩৩ জন প্রতিযোগী অংশ নিচ্ছে এবারের জাতীয় প্রতিযোগিতায়।