হকি মাঠে বিশৃঙ্খলা চলছেই। পরশু ঊষা-মোহামেডান ম্যাচটি নির্ধারিত সময়ে শেষ করতে পারেননি কর্মকর্তারা। বিদেশি আম্পায়ারদের সিদ্ধান্তকে সম্মান জানাতে পারছেন না খেলোয়াড়েরা। ‘জিতলে সব ঠিক, হারলে সিদ্ধান্ত মানি না’—এমন পণ করেই যেন খেলোয়াড়েরা প্রিমিয়ার হকি লিগটাকে পাড়ার খেলায় পরিণত করে ফেলেছেন। পরশুর মতো কালও মাঠে ঝামেলা পাকিয়েছেন মোহামেডানের খেলোয়াড়েরা। পেনাল্টি কর্নারের দাবিতে কাল তাঁরা মাঠে খেলা বন্ধ করে দাঁড়িয়ে ছিলেন প্রায় ২০ মিনিট।
৭০ মিনিটের ৫২ মিনিট খেলা হয়েছিল পরশু। বাকি ১৮ মিনিটের খেলা শেষ করতে আম্পায়ারদের সময় লেগেছে ৪০ মিনিট! শুরুতেই পেনাল্টি কর্নার থেকে গোল করে আলীম বেলাল এগিয়ে নেন ঊষাকে (৩-২)। কিন্তু কাল নতুন করে ম্যাচ শুরুর প্রায় ৮ মিনিট পর মোহামেডান একটি পেনাল্টি কর্নারের দাবি করে। কিন্তু দুই আম্পায়ার আলোচনা করেই খেলোয়াড়দের জানিয়ে দেন যে, ওটা আদৌ পেনাল্টি কর্নার ছিল না। কিন্তু পেনাল্টি কর্নারের দাবিতে অনড় মোহামেডান খেলোয়াড়েরা না খেলে মাঠে ঠাঁই দাঁড়িয়ে থাকেন। অনেক দেনদরবারের পর কর্মকর্তাদের অনুরোধে খেলতে রাজি হয় সাদা-কালো দলটি। ম্যাচের শেষ বাঁশি বাজার দুই মিনিট আগে জিমির গোলে হার এড়াতে পারে মোহামেডান। পরশু ঊষার দুটি গোল করেছিলেন আলীম বেলাল ও কৃষ্ণ কুমার। মোহামেডানের গোলদাতা ছিলেন জিমি ও মোহাম্মদ ইমরান।
ষষ্ঠ ম্যাচে এসে কালই প্রথম ড্র করল ঊষা। এই ড্রয়েও অবশ্য ১৬ পয়েন্ট পেয়ে শীর্ষেই বর্তমান চ্যাম্পিয়নরা। সমান ম্যাচে ৪ জয় ও ২ ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে দুইয়ে মোহামেডান।
মওলানা ভাসানী স্টেডিয়ামে দিনের পরের ম্যাচটিতে অ্যাজাক্স কাল ৬-০ গোলে হারিয়েছে রেলওয়েকে। তৈমুর ২টি, ইমতিয়াজ, রাহাত, আবদুর রহমান, শহীদুল করেছেন ১টি গোল। অন্য ম্যাচে সাধারণ বীমা ১-০ গোলে হারিয়েছে ওয়ারী ক্লাবকে। একমাত্র গোলটি করেছেন জিয়াউর রহমান।