১৮ ম্যাচ নিষিদ্ধ আনেলকা
কোচ রেমন্ড ডমেনেখকে অশ্লীল গালিগালাজ করে বিশ্বকাপের দল থেকে বহিষ্কৃত হয়েছিলেন নিকোলাস আনেলকা। গতকাল বিশ্বকাপ দলের পাঁচ খেলোয়াড়, কোচ, সহকারী কোচ, তৎকালীন ফেডারেশন প্রেসিডেন্টকে জিজ্ঞাসাবাদের পর ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ) কার্যত শেষ করে দিল তাঁর ক্যারিয়ার। ১৮ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন ৩১ বছর বয়সী স্ট্রাইকার। বয়স, তাঁর প্রতি এফএফএফের মনোভাব বিবেচনায় নিলে ফ্রান্সের জার্সিতে আবার আনেলকাকে দেখতে পাওয়ার আশা করা কঠিন। তবে জাতীয় দলে আর না খেলার ঘোষণা দেওয়া আনেলকা এই সিদ্ধান্তে কষ্ট পাবেন বলে মনে হয় না! শাস্তি শুধু আনেলকা পাননি। ফ্রান্সের ফুটবলকে ‘কলঙ্কিত’ করার দায়ে শাস্তি পেয়েছেন আরও তিনজন। আনেলকাকে বিশ্বকাপ দল থেকে বহিষ্কারের প্রতিবাদে দল নিয়ে ধর্মঘটে যাওয়ায় ৫ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন বিশ্বকাপ দলের অধিনায়ক প্যাট্রিস এভরা। তিন ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন ফ্রাঙ্ক রিবেরি, এক ম্যাচের জন্য জেরেমি তুলালান। গতকাল প্যারিসে এফএফএফের কার্যালয়ের শুনানিতে আসতে পারেননি রিবেরি। তাঁর ক্লাব বায়ার্ন মিউনিখ অনুমতি দেয়নি। আসেননি আনেলকাও। ডাকা হয়েছিল এরিক আবিদালকেও। আবিদাল এফএফএফের কমিশনের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারায় ‘বেকসুর খালাস’ পেয়ে গেছেন। এএফপি।