১৮ রানের লিড বাংলাদেশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় ইনিংসের শুরুটা খুব একটা আশাজাগানিয়া না হলেও মধ্যাহ্নবিরতির পর বেশ ভালোভাবেই খেলায় ফিরেছে বাংলাদেশ। তৃতীয় উইকেটে তামিম ইকবাল আর মমিনুল হকের ১১৮ রানের অবিচ্ছিন্ন জুটির সুবাদে ইতিমধ্যেই পেয়ে গেছে ১৮ রানের লিড। এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৭৩ রান। ৬০ রান নিয়ে ব্যাট করছেন তামিম। মমিনুল অপরাজিত আছেন ৭৪ রান নিয়ে।

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশের হুমকি হিসেবে আবির্ভূত হয়েছেন নেইল ওয়াগনার। শুরুতেই আঘাত হেনে ৫৫ রানের মধ্যেই বাংলাদেশের দুইটি উইকেট তুলে নিয়েছিলেন এই বামহাতি পেসার।

১৫৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম ১০ ওভার নির্বিঘ্নেই কাটিয়েছিল স্বাগতিকরা। ১১তম ওভারে আক্রমণে এসেই নিউজিল্যান্ডকে প্রথম সাফল্যটি এনে দিয়েছেন ওয়াগনার। অফসাইডের বাইরের একটি বল কাট করতে গিয়ে প্রথম স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন এনামুল। দুই ওভার পরে বাংলাদেশ দ্বিতীয় উইকেটটিও হারিয়েছে ওয়াগনারের আঘাতে। এবারও অফসাইডের বাইরের একটি বল ড্রাইভ করতে গিয়ে প্রথম স্লিপে ক্যাচ দিয়েছেন আইয়ুব।

এর আগে আজ আজ চতুর্থ দিনের শুরুটা অবশ্য ভালোভাবেই করেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের শেষ ২ উইকেট তুলে নিতে স্বাগতিকদের বোলিং করতে হয়েছে মাত্র সাতটি ওভার। তবে ইশ সোধি আর ওয়াটলিংয়ের লড়াকু ব্যাটিংয়ে কিউই স্কোরবোর্ডে জমা হয়ে গেছে ৪৩৭ রান। প্রথম ইনিংসে সফরকারীরা এগিয়ে আছে ১৫৫ রানে।

আজ চতুর্থ দিনে ওয়াটলিং আর সোধির ৯৩ রানের জুটিটা ভাঙতে খুব বেশিক্ষণ লাগেনি বাংলাদেশের। দিনের চতুর্থ ওভারেই রানআউটের ফাঁদে পড়ে বিদায় নিয়েছেন সোধি। সাজঘরে ফেরার আগে তাঁর ব্যাট থেকে এসেছে ৫৮ রান। দুই ওভার পরেই কিউইদের শেষ উইকেটটা তুলে নিয়েছেন আবদুর রাজ্জাক। মাত্র ৪ রান করে এলবিডব্লিউর ফাঁদে পড়েছেন ট্রেন্ট বোল্ট। ৭০ রান করে অপরাজিতই ছিলেন ওয়াটলিং।