১৮৮ রানেই গুটিয়ে গেল শ্রীলঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়া কাপের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ভালো বোলিং করেছে পাকিস্তান। আইজাজ চিমা, উমর গুল ও সাইদ আজমলের ভালো বোলিংয়ের সামনে ২৬ বল বাকি থাকতেই ১৮৮ রানে গুটিয়ে গেছে লঙ্কানরা। শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৭১ রান এসেছে সাঙ্গাকারার ব্যাট থেকে। ৫৭ রান করেছেন উপল থারাঙ্গা। ৪৩ রানের বিনিময়ে ৪টি উইকেট নিয়েছেন চিমা। ৩টি উইকেট শিকার করেছেন সাইদ আজমল।টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কান অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। কিন্তু এই সিদ্ধান্তের যথার্থতা ভালোমতো প্রমাণ করতে পারেননি লঙ্কান ব্যাটসম্যানরা। শুরুর ৮ ওভারের মধ্যেই দুই ওপেনার জয়াবর্ধনে (১২) ও দিলশানকে (২০) সাজঘরে ফেরান আইজাজ চিমা। এক ওভার পর চান্দিমালের উইকেট তুলে নেন উমর গুল। এরপর খুব বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি থিরিমানে। তিনি ফিরেছেন হাম্মাদ আজমের শিকারে পরিণত হয়ে। পঞ্চম উইকেটে ৯৬ রানের জুটি গড়ে অনেকক্ষণ লড়াই চালিয়েছিলেন সাঙ্গাকারা ও থারাঙ্গা। কিন্তু দলীয় ১৬১ রানের মাথায় থারাঙ্গা সাজঘরে ফেরার পর খুব তাড়াতাড়িই গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। স্কোরবোর্ডে মাত্র ২৭ রান যোগ করতেই একে একে ফিরে যান মাহরুফ, কুলাসেকারা, সাঙ্গাকারা, মালিঙ্গা ও লাকমাল। ৫০ ওভার শেষ করতে ২৬ বল বাকি থাকতেই লঙ্কান ইনিংস গুটিয়ে যায় ১৮৮ রানে।