১৯ জনই নির্বাচিত বিনা প্রতিদ্বন্দ্বিতায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ ‘ডামি’ প্রার্থীর সঙ্গে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেন বিসিবির বর্তমান সভাপতি নাজমুল হাসান, আহমেদ সাজ্জাদুল আলম ও ইসমাইল হায়দার মল্লিক। শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ান গাজী ট্যাংকের লুৎফর রহমানও। ক্যাটাগরি-২, অর্থাৎ ঢাকার ক্লাবগুলো থেকে বাকি ১২ জনই তাই বিসিবির পরিচালক হিসেবে নির্বাচিত হয়ে গেছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়।
নাজমুল হাসান, আহমেদ সাজ্জাদুল আলম ও ইসমাইল হায়দার মল্লিকের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ার গুঞ্জন আগে থেকেই ছিল। সেটা সত্যি হওয়ায় এই তিনজনেরই জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত বিসিবি পরিচালক হওয়াটা মোটামুটি নিশ্চিত। মনোনয়নপত্র প্রত্যাহার করতে এসে কাল মল্লিকও দিলেন সে আভাস, ‘প্রতিপক্ষ না থাকায় মাননীয় বোর্ড সভাপতির কাছে আমাদের অনুরোধ ছিল উনি যেন এনএসসি থেকেই আসেন। তাহলে পরিচালকদের নির্বাচনে উনি নিরপেক্ষ থাকলেন। এ ছাড়া আমি আর ববি ভাই (আহমেদ সাজ্জাদুল আলম) প্যানেলের স্বার্থে মনোনয়নপত্র প্রত্যাহার করেছি। এনএসসি থেকে আসলে আসলাম, নয়তো অন্য কোনোভাবে বোর্ডে থাকতে চেষ্টা করব।’
ক্যাটাগরি-২-এর নির্বাচন থেকে সরে দাঁড়ানো বাকি ৬ কাউন্সিলরের ৫ জনই ছিলেন নাজমুল হাসান সমর্থকদের ‘ডামি’ প্রার্থী। স্বাভাবিকভাবেই মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন তাঁরা। এ ছাড়া গাজী ট্যাংকের লুৎফর রহমান মনোনয়নপত্র তুলেছিলেন ‘স্বতন্ত্র’ প্রার্থী হিসেবে। অনেক হিসাব-নিকাশের পর নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনিও।
নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পালও। বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থাকে নিয়ে গড়া ক্যাটাগরি-৩-এ মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তিনি। দেবব্রত মনোনয়নপত্র প্রত্যাহার করলেও এই শ্রেণী থেকে কে বোর্ড পরিচালক হবেন, সেটি ভোটেই নির্ধারিত হবে। অন্য দুই প্রার্থী গাজী আশরাফ হোসেন ও খালেদ মাহমুদ যে নির্বাচনে থাকারই সিদ্ধান্ত নিয়েছেন!
১০ অক্টোবর নির্বাচন হবে ঢাকা ও রাজশাহী বিভাগের পরিচালক পদেও। ঢাকা বিভাগের প্রতিদ্বন্দ্বিতা থেকে টাঙ্গাইলের সানিয়াত খান (বাপ্পা) সরে দাঁড়ানোয় এখানে প্রার্থী এখন তিনজন। এই বিভাগ থেকে দুই পরিচালক নির্বাচনের জন্য ভোটযুদ্ধ হবে মানিকগঞ্জের কাউন্সিলর ও বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাঈমুর রহমান, মুন্সিগঞ্জের মনজুর কাদের ও জামালপুরের মির্জা জিল্লুর রহমানের মধ্যে।
রাজশাহী বিভাগ থেকে একটি পরিচালক পদে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছেন পাবনার সাইফুল আলম (স্বপন) ও রাজশাহীর রাফিউস শামস (প্যাডি)। এই বিভাগের অন্য প্রার্থী ইমতিয়াজ আহমেদ শামসুল হুদা কাল শেষ মুহূর্তে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। বাকি পাঁচ বিভাগের পরিচালকেরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন আগেই। সব মিলিয়ে নির্বাচনের মাধ্যমে যে ২৩ পরিচালক নির্বাচিত হওয়ার কথা, তাঁদের মধ্যে ১৯ জনই নির্বাচিত হয়ে গেছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়!
অথচ এতটা একপেশে হওয়ার কথা ছিল না বিসিবির নির্বাচন। শেষ পর্যন্ত তা হলো মূলত সাবের হোসেন চৌধুরী আর তাঁর সমর্থকেরা নির্বাচন থেকে সরে দাঁড়ানোতেই। প্রকাশ্যে নির্বাচনে না যাওয়ার কারণ হিসেবে আদালত অবমাননার আশঙ্কার কথা বললেও আসল কারণটা বোঝাই যায়। প্রতিপক্ষ কাউন্সিলর মনোনয়ন থেকে শুরু করে সবকিছুতেই ক্ষমতায় থাকার সুবিধা যেভাবে কাজে লাগিয়েছে, তাতে নির্বাচনে দাঁড়ালেও সাবের চৌধুরীর প্যানেলের জয়ের সম্ভাবনা কমই ছিল।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
ক্যাটাগরি-১ (বিভাগ): চট্টগ্রাম বিভাগ: আকরাম খান ও আ জ ম নাসির। খুলনা বিভাগ: কাজী ইনাম আহমেদ ও শেখ সোহেল। রংপুর: আনোয়ারুল ইসলাম। সিলেট: শফিউল আলম চৌধুরী (নাদেল)। বরিশাল: এম এ আউয়াল (ভুলু)।
ক্যাটাগরি-২ (ঢাকার ক্লাব): এনায়েত হোসেন, আফজালুর রহমান, আহমেদ ইকবাল হাসান, মাহবুবুল আনাম, জালাল ইউনুস, লোকমান হোসেন ভূঁইয়া, গাজী গোলাম মুর্তজা, হানিফ ভূঁইয়া, তানজিল চৌধুরী, নাজমুল করিম (টিংকু), নজিব আহমেদ ও শওকত আজিজ রাসেল।