১৯ মাস বয়সেই 'কুস্তিগির?'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজের দুই যমজ ছেলেকে কী কুস্তির তালিম দেবেন সুশীল?
নিজের দুই যমজ ছেলেকে কী কুস্তির তালিম দেবেন সুশীল?

একজন পৃথিবীতে এসেছে বিকেল ৫টা ৪২ মিনিটে। আরেকজন ঠিক এক মিনিট পরই। এক মিনিটের ছোট-বড় দুই ভাইয়ের বয়স এখন মাত্র ১৯ মাস। অস্ফুট কিছু শব্দমালাই যাদের কণ্ঠ-সঙ্গী, সেই যমজ দুই ভাই এরই মধ্যে যাওয়া-আসা করছে জিমে! বাবা, ভারতীয় কুস্তিগির সুশীল কুমার তাঁর দুই ছেলেকে কী এরই মধ্যে কুস্তির তালিম দেওয়া শুরু করেছেন নাকি!
সুশীল ভারতের তারকা কুস্তিগির। ২০১২ সালে লন্ডন অলিম্পিকে ফ্রি-স্টাইল কুস্তিতে তিনি দেশকে উপহার দিয়েছিলেন রুপার পদক। তারও চার বছর আগে ২০০৮ বেইজিং অলিম্পিকে একই বিভাগে তিনি জিতেছিলেন তামা। ২০১০ সালে মস্কোতে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে অবশ্য তাঁর গলায় উঠেছিল সোনার পদক। কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপের পাঁচটি সোনাসহ, কমনওয়েলথ গেমসের ২টি সোনা তাঁর দখলে। এমন একজন কুস্তি তারকা তাঁর ছেলে-সন্তানদের কুস্তিতে আনতে চাইবেন, এটাই বোধ হয় স্বাভাবিক বিষয়।
এই মুহূর্তে চোট তাঁকে বেশ ভোগাচ্ছে। কাঁধের ব্যথা আগামী মাসে লস অ্যাঞ্জেলসের বিশ্ব প্রতিযোগিতায় তাঁর অংশগ্রহণই অনিশ্চয়তায় ফেলে দিয়েছে। তবে তিনি প্রত্যয়ী, ফিটনেস ফিরে পেতে। নিয়মিতই কাজ করে যাচ্ছেন জিমে। এই তো কদিন আগেই দুই যমজ ছেলেকে নিয়ে এসেছিলেন জিমে। সেখানেই দুই ছেলের ছবি তুলে পোস্ট করেছেন নিজের ফেসবুক পেজে। দুই যমজ ছেলের জন্মের পর সুশীল উচ্ছ্বসিত ভরা কণ্ঠে বলেছিলেন, ‘মনে হয়, সৃষ্টিকর্তা সব সময় আমাকে জোড়া আনন্দ দিতে চান।’
চোটের হতাশার মধ্যে এই ‘জোড়া আনন্দ’ মন্দ লাগছে না সুশীলের!