
স্মৃতি হাতড়ে সন্ধান মেলে দারুণ-নিদারুণ সব মুহূর্তের। ইতিহাসের দেয়াল খোদাইয়ে বেরিয়ে আসে গ্লানি-প্রাপ্তির সব কথা। অনাবিষ্কৃত খনির নিচে পাওয়া যায় হীরকখণ্ড। তবে জোয়েদির বেলমন্ত একই সঙ্গে হীরকখণ্ড খুঁজে পেয়েছেন, গ্লানি ভুলে প্রাপ্তির সাগরে ভাসছেন, নিদারুণ মুহূর্ত পাল্টে দারুণ মুহূর্তের সাক্ষীও হতে চলেছেন। কে এই জোয়েদির বেলমন্ত, কিসে তাঁর আনন্দ-বেদনার যুগলবন্দী—জানতে হলে ফিরে যেতে হবে অনেকটা পথ। ৬৪ বছর আগে।
১৬ জুলাই, ১৯৫০। মারাকানা স্টেডিয়ামে উন্মাতাল সাম্বার ছন্দে উৎসবের প্রস্তুতি নিয়েছিল দুই লাখ মানুষ। ব্রাজিল যে বিশ্বকাপ জিততে চলেছে! সেদিন ওই দুই লাখ ব্রাজিলিয়ানের ভিড়ে থাকতে পারতেন জোয়েদির বেলমন্তও। কিন্তু পারেননি, টিকিট থাকা সত্ত্বেও। শয্যাশায়ী অসুস্থ মাকে ঘরে রেখে স্টেডিয়ামে যাওয়াটা ঠিক বিবেচনাপ্রসূত মনে হয়নি তাঁর। তাতে এক হিসেবে কিন্তু মন্দ হয়নি। রিও ডি জেনিরোর মারাকানা নদীতে সেদিন যে বেদনার অশ্রু মিশেছিল, তা এখনো ছলছল করে ঢেউ তোলে ব্রাজিলিয়ানদের মনে!
ওই টিকিটটি এতকাল ধরে সযত্নে আগলে রেখেছিলেন বেলমন্ত। কোনোভাবেই হাতছাড়া হতে দেননি। হয়তো টিকিটটি বারবার দেখেছেন, আর নিজের ভাগ্যকে অভিশম্পাত দিয়েছেন, আমি থাকলে তো ব্রাজিল জিততেও পারত! ১৯৫০ বিশ্বকাপে ইতিহাসের সাক্ষী হতে পারেননি, তবে চেয়েছিলেন ২০১৪ বিশ্বকাপের ফাইনালে থাকতে। কিন্তু তার আগে টিকিটের নাগাল পেতে হবে তো! বাধ্য হয়েই ফিফাকে চিঠি লিখলেন। জুরিখে প্রস্তাবিত ফুটবল-স্মারক জাদুঘরের জন্য ওই টিকিটটি দিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানালেন। বিনিময়ে তাঁকে ব্রাজিল বিশ্বকাপের ফাইনালের টিকিট দিতে হবে! ফিফাও সানন্দে রাজি হয়ে গেল। দুই সন্তানসহ বেলমন্ত উপস্থিত থাকবেন মারাকানার ফাইনালে। ৮৫ বছর বয়সী এই বৃদ্ধের সুদৃঢ় উচ্চারণ, ‘ব্রাজিলকে চ্যাম্পিয়ন দেখার জন্যই আমি ফাইনাল দেখতে যাব।’
চাইলে বেলমন্ত এই ম্যাচটি না-ও দেখতে পারেন! টিকিটগুলো রেখে দিয়ে অপেক্ষা করতে পারেন আরও ৬৪ বছর পরের কোনো ফাইনালের জন্য। তখন হয়তো দুটি নয়, চারটি টিকিটই দেবে ফিফা। অবশ্য বেলমন্ত তাতে রাজি হবেন বলে মনে হচ্ছে না! ফিফাডটকম৷