১৯৯০ দেখছে ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৬৬ বিশ্বকাপের পর আরেকটি শিরোপা জেতার স্বপ্ন বুকে এঁকে দক্ষিণ আফ্রিকায় এসেছিল ইংল্যান্ড। সেই ইংল্যান্ডই ১৯৫৮ বিশ্বকাপের পর প্রথমবারের মতো গ্রুপ পর্বে থেকে পাততাড়ি গুটিয়ে বাড়ি ফেরার শঙ্কায়!ইংল্যান্ডের প্রতিপক্ষ আবার এই গ্রুপে এখন পর্যন্ত শীর্ষে থাকা স্লোভেনিয়া। এই ম্যাচে জয় দ্বিতীয় রাউন্ডে পৌঁছে দেবে ইংলিশদের। পরাজয় মানে বিমানের টিকিট বুকিং। আর ড্র মানে ঝুলে থাকা ভাগ্য। বেশিক্ষণ ঠিক ঝুলেও থাকা যাবে না। একই সময় যুক্তরাষ্ট্র-আলজেরিয়া ম্যাচের ফল দেখলেই বোঝা যাবে, তিন ম্যাচে তিনটি ড্র নিয়েও দ্বিতীয় রাউন্ডে যেতে পারবে কি না ফ্যাবিও ক্যাপেলোর দল।সাম্প্রতিক পারফরম্যান্স যাচ্ছেতাই, ইংল্যান্ড তাই প্রেরণা খুঁজে নিতে পারে অতীত থেকেই। বিশ্বকাপের প্রথম রাউন্ডে তারা সর্বশেষ বাদ পড়েছিল ৫২ বছর আগে, দ্বিতীয় রাউন্ডে উঠতে না পারার ব্যর্থতা তাদের আছে আর একবারই। শুধু তা-ই নয়, গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচটি তারা এর আগে হেরেছিল একবারই, ১৯৫০ বিশ্বকাপে স্পেনের কাছে।এত আগের কথা ঝাপসা হয়ে ধরা দিচ্ছে? আরও কাছাকাছি ইতিহাসের পাতাই তবে ওল্টানো যাক। ১৯৯০ বিশ্বকাপেও ইংল্যান্ড ঠিক এ রকম পরিস্থিতিতেই পড়েছিল। আয়ারল্যান্ড আর হল্যান্ড ম্যাচে ড্র করার পর মিসরের বিপক্ষে জিততেই হবে সমীকরণ ঠিকই পেরিয়ে গিয়েছিল ইংল্যান্ড। সেই চাপ জয় করেছিল বলেই কি না, সেবার সেমিফাইনাল পর্যন্ত উঠে গিয়েছিল তারা।১৯৯০ বিশ্বকাপের কোচ ববি রবসন কী বলে শিষ্যদের অনুপ্রাণিত করেছিলেন, সেটি আজ আর জানার উপায় নেই। ভদ্রলোক গত হয়েছেন গত বছর। তবে ফ্যাবিও ক্যাপেলোর হাতিয়ার হতে পারে তারিখটাও। বিশ্বকাপে এই ইতালিয়ান একটি মাত্র গোল করেছিলেন, ১৯৭৪ সালের এই ২৩ জুন! অবশ্য এই পথে ক্যাপেলো হাঁটবেন কি না, কে জানে। গেল ১৮ জুন তাঁর ৬৪তম জন্মদিনে শিষ্যদের কাছ থেকে তিনি যে উপহার হিসেবে পেয়েছেন আলজেরিয়ার কাছে গোলশূন্য ড্র!সাম্প্রতিক টানাপোড়েনে এও প্রমাণ হয়ে গেছে, দলের খেলোয়াড়দের সঙ্গে তাঁর ইংল্যান্ড-ইতালির মতোই দূরত্ব। যে দূরত্বের জন্য দায়ী আসলে তিনি নিজেই।এই বিশ্বকাপ আসলে ছিল ক্যাপেলো বনাম ম্যারাডোনার একটা অলিখিত পরীক্ষা। ক্যাপেলো সেই দর্শনে বিশ্বাসী, খেলোয়াড়দের সঙ্গে যাঁর সম্পর্ক আদ্দিকালের টোলের গুরু-শিষ্যেরই। রাশভারী, চেহারা-ভাবেভঙ্গিতে রাগী হেডমাস্টার। এই যে হররোজ এত এত ছবি ছাপা হয়, হাসিমুখ ক্যাপেলো ছবি খুঁজে পেয়েছেন কয়টা?ক্যাপেলো ম্যারাডোনা নন। কারণে-অকারণে দলের খেলোয়াড়দের স্নেহের আলিঙ্গনে বেঁধে ফেলেন না। চুমু এঁকে দেন না গালে। বরং হুমকি-ধমকি দিয়েই শাসন করে এসেছেন। তাঁর ধমকেই তো বউ-বান্ধবীদের দেশে রেখে আসতে হয়েছে রুনি-টেরিদের।কিন্তু আলতো একটি টোকায় সবকিছুই ঝুরঝুর করে ভেঙে পড়ার দশা। জন টেরি কদিন আগে পত্রিকায় কিছু উত্তপ্ত মন্তব্য করেছেন। যেখানে ছিল ‘আনেলকা-সিনড্রোম’-এর আভাস। তড়িঘড়ি করে ঘটনা সামাল দেওয়া হয়েছে। টেরি ক্ষমাও চেয়েছেন। কিন্তু ফাঁকফোকর দিয়ে লখিন্দরের বাসরঘরে ঢুকে পড়েছে সাপ।‘সি’ গ্রুপের দুটো ম্যাচই তাই আজ সমান গুরুত্বপূর্ণ। জিতলে আলজেরিয়ার বিপক্ষে জিতলে যুক্তরাষ্ট্রও দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করবে। ফলে ২০০২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালিস্টরা আজ মরিয়া চেষ্টাই করবে জেতার। আফ্রিকার দেশ আলজেরিয়াও চাইবে শেষ চেষ্টা করে দেখতে। দুটো ম্যাচই তাই দিচ্ছে লড়াকু পূর্বাভাস।