২ এপ্রিলের মধ্যেই পিসিএল শেষ করার তাগিদ
ভিসা-জটিলতা আর কিছু অব্যবস্থাপনার কারণে শারজায় পিসিএল শুরু হচ্ছে নির্ধারিত তারিখের দুই দিন পর, শেষও হবে ২ এপ্রিলের পরিবর্তে ৩ এপ্রিল। পিসিএলের এই পরিবর্তিত সূচিতে উদ্বিগ্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি সূত্র জানিয়েছে, টুর্নামেন্টটা যে করেই হোক ২ এপ্রিলের মধ্যে শেষ করার অনুরোধ জানিয়ে আয়োজকদের চিঠিও দেওয়া হয়েছে বোর্ড থেকে।আগামী ১১ এপ্রিল থেকে ঢাকায় শুরু হচ্ছে এনসিএল টি-টোয়েন্টি লিগ। এর আগে ৪ এপ্রিল হবে লিগের খেলোয়াড় বাছাই অনুষ্ঠান এবং তাতে জাতীয় দলের ক্রিকেটারদেরও উপস্থিত থাকার কথা। ২০ এপ্রিল এনসিএল টি-টোয়েন্টি শেষ হওয়ার পর ২৪ এপ্রিলই বাংলাদেশ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ওয়েস্ট ইন্ডিজ রওনা হবে। এ অবস্থায় পিসিএল খেলেই ক্রিকেটাররা ক্লান্ত হয়ে যাক, সেটা চায় না বোর্ড। বিসিবি পরিচালক গাজী আশরাফ হোসেন পিসিএল আয়োজকদের ২ এপ্রিলের মধ্যে খেলা শেষ করার জন্য চিঠি দেওয়ার কথা জানিয়ে বলেছেন, ‘আমরা চাই, তারা যেন প্রতিদিনের ম্যাচসংখ্যা বাড়িয়ে হলেও টুর্নামেন্টটা ২ এপ্রিলের মধ্যে শেষ করে। বোর্ড ২৬ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত ক্রিকেটারদের পিসিএল খেলার অনুমতি দিয়েছে এবং আশা করব, টুর্নামেন্টটা এর মধ্যেই শেষ হবে। পিসিএল আয়োজক, জাতীয় দলের অধিনায়ক এবং খেলোয়াড়দেরও আমরা এই বার্তা দিয়েছি।’গাজী আশরাফ জানিয়েছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপটাই বাংলাদেশ দলের মূল লক্ষ্য। কোনো কিছুর বিনিময়েই সেটা থেকে সরে আসা যাবে না।’