২ রানের আক্ষেপ শামসুরের
বিপিএলে দ্বিতীয় বাংলাদেশী ব্যাটসম্যান হিসেবে শতরান করার কৃতিত্ব অর্জনের অনেক কাছাকাছি চলে গিয়েছিলেন শামসুর রহমান। কিন্তু শেষপর্যন্ত মাত্র ২ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে এই ডানহাতি ব্যাটসম্যানকে। ৫০ বলে ৯৮ রানের দুর্দান্ত ইনিংস খেলে অপরাজিত ছিলেন শামসুর। সিলেট রয়্যালসের বিপক্ষে তাঁর এই ঝড়ো ব্যাটিংয়ে ভর করে স্কোরবোর্ডে ১৯৭ রান জমা করেছে রংপুর রাইডার্স। দীর্ঘদিনের রানখরা কাটিয়ে ৫৩ রানের লড়াকু ইনিংস খেলেছেন ইমরুল কায়েস। টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ওপেনার জুনায়েদ সিদ্দিকের উইকেট হারায় রংপুর রাইডার্স। তবে এরপর বেশ খানিকটা সময় সিলেটের বোলারদের নাজেহাল করেছেন আরেক ওপেনার শামসুর রহমান ও ইমরুল কায়েস। দ্বিতীয় ১৪৫ রানের ঝড়ো জুটি গড়ে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান এই দুই ব্যাটসম্যান। এটিই যে কোন উইকেটে রংপুর রাইডার্সের সর্বোচ্চ রানের জুটি। ১৬তম ওভারের প্রথম বলে সোহরাওয়ার্দী শুভর শিকারে পরিণত হয়ে সাজঘরে ফেরেন ইমরুল। শেষপর্যায়ে ঝড়ো ব্যাটিং করে রংপুর রাইডার্সকে শক্ত অবস্থানে নিয়ে যান কেভিন ও’ব্রায়েন ও শামসুর। চতুর্থ উইকেটে তাঁরা যোগ করেন ৩৮ রান। ১৪ বলে ৩০ রানের ইনিংস খেলেছেন ও’ব্রায়েন।