২ রানের জন্য হলো না ‘৪৯’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধারাভাষ্যকারেরা উত্তেজিত, গ্যালারিতে গর্জন, ড্রেসিংরুমে সতীর্থদের অভিনন্দন জানাতে দাঁড়িয়ে পড়েছেন আগেভাগেই। হঠাৎই সব থেমে গেল। মুহূর্তের জন্য মনোযোগ হারিয়ে ফেললেন ৯৮ রানে থাকা শচীন টেন্ডুলকার। মার্কাস নর্থের নিরীহ এক বল অলস ভঙ্গিতে ফ্লিক করতে গিয়ে টাইমিংয়ে গড়বড়। আঙুল তুলতে একটুও দেরি করনেনি ইংলিশ আম্পায়ার ইয়ান গোল্ড, এলবিডব্লু!৪৯তম টেস্ট সেঞ্চুরিটা হলো না টেন্ডুলকারের, ভারতের ইনিংসে এর প্রভাবটা হলো আরও ভয়াবহ। টেন্ডুলকার যতক্ষণ উইকেটে ছিলেন, ভারত কত রানের লিড পাচ্ছে, আলোচনা ছিল স্রেফ সেটা নিয়েই। ‘লিটল মাস্টারের’ বিদায়ের পর অস্ট্রেলিয়ানদের চিরায়ত লড়াকু মানসিকতাটা হঠাৎ করেই যেন জেগে উঠল। ২৩ রানে ভারতের শেষ ৫ উইকেট তুলে নিয়ে উল্টো ২৩ রানের লিড পেয়েছে অস্ট্রেলিয়াই। টেস্টে এই নিয়ে আটবার নড়বড়ে নব্বইয়ে আটকে টেন্ডুলকার পাশে দাঁড়ালেন ইনজামাম-উল হক ও আলভিন কালিচরণের। সামনে আছেন মাইকেল স্ল্যাটার (৯), রাহুল দ্রাবিড় (১০) ও স্টিভ ওয়াহ (১০)।বাঁহাতি পেসারদের বোলিংয়ে টেন্ডুলকারের দারুণ সব কভার ড্রাইভ, হরিজকে নাকাল করা সব সুইপ, আর সেঞ্চুরি মিস সবকিছুকে ছাপিয়ে যাচ্ছে বলেই একটু আড়ালে চলে যাচ্ছেন। না হলে কালকের নায়ক মাইকেল জনসন। আগের দিন শেষ বিকেলে বিপজ্জনক হয়ে ওঠা দুই ভারতীয় ওপেনারকে আউট করেছিলেন। কাল আবার শেষ বিকেলে টানা দুই বলে মহেন্দ্র সিং ধোনি ও হরভজন সিংকে আউট করার পর ফিরিয়েছেন সেঞ্চুরির পথে থাকা সুরেশ রায়নাকে। যদিও তৃতীয় আম্পায়ারের দেওয়া ধোনির আউটটা নিয়ে বিতর্ক থাকছেই। বারবার টিভি রিপ্লে দেখেও নিশ্চিত বোঝা যাচ্ছিল না, ওয়াটসনের হাতে জমার আগে বল মাটি ছুঁয়েছিল কি না। পিঠের ব্যথায় ভিভিএস লক্ষ্মণের ১০ নম্বরে ব্যাট করতে নামারও কিছুটা ভূমিকা আছে ভারতের হুড়মুড় করে ভেঙে পড়ায়। টেস্ট ক্রিকেটে এত নিচে আগে কখনো ব্যাটিং করেননি লক্ষ্মণ। লক্ষ্মণের উইকেট নিয়ে ভারতের ইনিংস শেষ করেছেন রিকি পন্টিংয়ের ‘স্পিন ভরসা’ নাথান হরিজ। শেষ পর্যন্ত দুটি উইকেট পেয়েছেন, তবে এই ইনিংসে অন্তত অস্ট্রেলিয়ার সেরা স্পিনার ছিলেন মার্কাস নর্থ। টেন্ডুলকারের উইকেটটি পেয়েছেন বলেই নয়, সেট হয়ে যাওয়া রায়না-টেন্ডুলকারকে যথেষ্ট ভুগিয়েছেনও। নর্থের বলেই ৪৮ রানে রায়নাকে স্টাম্পিংয়ের সহজ সুযোগ ছেড়েছেন টিম পেইন। টেন্ডুলকার-রায়নার মতো সেঞ্চুরি পেতে পারতেন রাহুল দ্রাবিড়ও। শ্রীলঙ্কা সফরে ৩ টেস্টে ৯৫ করেছিলেন, তার চেয়েও দৃষ্টিকটু লেগেছিল তাঁর ব্যাটিংয়ের ধরন। আরও একবার তাই ফিসফাস উঠে গিয়েছিল ‘সময় শেষ’। আগের দিন বিকেলেই ইঙ্গিত দিয়েছিলেন রানে ফেরার, কালও দারুণ পজিটিভ ব্যাটিং করেছেন। ক্ষণিকের জন্য মনোযোগ হারানোর মূল্য দিতে হয়েছে তাঁকেও। দ্রাবিড়ের উইকেটটির আগে সকালের সেশনে ভারতের একমাত্র উইকেটটিও নিয়েছিলেন ডগ বলিঞ্জার। কাল ঘণ্টাখানেক অস্ট্রেলিয়াকে যন্ত্রণা দেওয়া ‘নাইটওয়াচম্যান’ স্টাম্প হারিয়েছেন বলিঞ্জারের এক ইনসুইঙ্গারে। তথ্যসূত্র: নিও ক্রিকেট ও ওয়েবসাইট।