২ সেঞ্চুরি, ২ শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লর্ডসে প্রথম ডাবল সেঞ্চুরিটির পথে অদ্ভুত কিন্তু অনন্য এক রেকর্ড সঙ্গী হয়েছে কেভিন পিটারসেনের। ইয়ান বেল ও ম্যাট প্রায়রের সঙ্গে সেঞ্চুরি জুটির অংশীদার ছিলেন পিটারসেন। আবার এউইন মরগান ও স্টুয়ার্ট ব্রডের সঙ্গে পিটারসেনের জুটিতে কোনো রানই হয়নি। টেস্ট ইতিহাসে এই প্রথম কেউ এক ইনিংসেই দুটি সেঞ্চুরি ও দুটি শূন্য রানের জুটির অংশীদার হলেন! এর আগে দুটি সেঞ্চুরি ও একটি শূন্য রানের জুটিতে থাকার অভিজ্ঞতা হয়েছিল দুজনের। ১৯৫২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫৬ রানের ইনিংসটির পথে ডেনিস অ্যাটকিনসন ও আলফি বিনসের সঙ্গে শতরানের জুটি হয়েছিল স্যার এভারটন উইকসের। ফ্রাঙ্ক কিংয়ের সঙ্গে শূন্য। ১৯৯৩ সালে বোম্বেতে শচীন টেন্ডুলকার ও প্রাভিন আমরের সঙ্গে শতরানের জুটি গড়েছিলেন বিনোদ কাম্বলি, কিরণ মোরের সঙ্গে শূন্য। কাম্বলি করেছিলেন ২২৪।