২০-এ ১৯ রাইফেলসের
জাতীয় হ্যান্ডবলকে নিজেদের একক সম্পত্তি অনেক আগেই বানিয়ে ফেলেছিল বাংলাদেশ রাইফেলস। সেই সম্পত্তিতে ভাগ বসানোর অনেক চেষ্টা করেও পারছে না বাংলাদেশ পুলিশ।২০০২ সাল থেকে জাতীয় হ্যান্ডবলের ফাইনালে উঠে পুলিশ দল হেরে যাচ্ছে রাইফেলসের কাছে। কাল পুলিশের বিপক্ষে টানা ষষ্ঠ ফাইনাল জিতে জাতীয় হ্যান্ডবলে টানা ১৫তম শিরোপা জিতল ‘অপরাজেয়’ রাইফেলস। সব মিলিয়ে ২০ বারের মধ্যে ১৯ বারই চ্যাম্পিয়ন তারা। ১৯৮৪ সালে শুরু জাতীয় হ্যান্ডবলে রাইফেলসের বাইরে চ্যাম্পিয়ন হয়েছে শুধু বাংলাদেশ বিমান (১৯৮৮ সালে)।এক্সিম ব্যাংক ২০তম জাতীয় পুরুষ হ্যান্ডবলের ফাইনালে রাইফেলস-পুলিশ লড়াই ভালোই জমে উঠেছিল। রাইফেলস শেষ পর্যন্ত শ্রেষ্ঠত্ব দেখাল ৪০-৩৩ গোলে জিতে। পুলিশ দলের মাহবুবুল আলম পেয়েছেন প্রতিযোগিতার সেরা খেলোয়াড়ের পুরস্কার। পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে ফাইনাল শেষে ১৫ বছরের খেলোয়াড়ি জীবনের ইতি টেনেছেন রাজশাহীর রবিউল ইসলাম। এবারের প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা ছিল আগের চেয়ে বেশি।ফাইনাল শেষে পুরস্কার প্রদান করেছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের পরিচালক নুরুল আমিন (ফারুক), হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি নুরুল ফজল (বুলবুল), সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর প্রমুখ।