২০ ওভারের ক্রিকেট বাংলাদেশের নয়!
টি-টোয়েন্টি ক্রিকেট শুরুর পর অনেকেই খুশি হয়েছিল। ওয়ানডে আর টেস্টেও ধুন্ধুমার ব্যাটিংয়ের চেষ্টা করতে গিয়ে অল্প ওভারে অলআউট হয়ে যান বাংলাদেশের ব্যাটসম্যানরা। টি-টোয়েন্টির জন্য আবার এটাই আদর্শ ব্যাটিং। ২০ ওভারের ক্রিকেট বুঝি বাংলাদেশ দলের কথা ভেবেই মাঠে নামাল আইসিসি!যত দিন গেছে, ভুল ভেঙেছে। এখন পর্যন্ত এটাই প্রমাণিত, বাংলাদেশ টি-টোয়েন্টির দল নয়। টি-টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ খেলে কম। জেতে আরও কম। অকল্যান্ডে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে ২০০৫ সালের ১৭ ফেব্রুয়ারি আন্তর্জাতিক টি-টোয়েন্টির শুরু। বাংলাদেশ এই ক্রিকেটটা প্রথম খেলল পরের বছর ২৮ নভেম্বর, জিম্বাবুয়ের বিপক্ষে খুলনায়। এরপর গত প্রায় পাঁচ বছরে মাত্র ১৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে জিতেছে তিনটিতে। হাতে গুনেই দিয়ে দেওয়া যায় সেসব জয়ের হিসাব—জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচ, ২০০৭ সালে ১ সেপ্টেম্বর নাইরোবিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে কেনিয়ার বিপক্ষে, ১৭ সেপ্টেম্বর জোহানেসবার্গে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।পাঁচ বছর পর আগামী ১১ অক্টোবর সেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ঘরের মাঠে বাংলাদেশ তাদের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি খেলবে। সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচটিও যখন খেলা হয়ে গেছে গত বছরের মে মাসে, আরেকবার তাতে নামার আগে অনুশীলনে ভালোই জোর দিচ্ছেন জাতীয় দলের কোচ স্টুয়ার্ট ল। আজ এবং ৬ অক্টোবর নিজেদের মধ্যে দুটি টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।বাংলাদেশ দলের হয়ে ৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেললেও অলক কাপালির টি-টোয়েন্টি অভিজ্ঞতা কম নয়। ‘বিদ্রোহী’ ক্রিকেট আইসিএলে গিয়ে তো দুই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচই হয়েছিলেন। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন কিছুদিন আগে সিঙ্গাপুরে খেলে আসা সেখানকার ঘরোয়া টি-টোয়েন্টির ফাইনালেও। অভিজ্ঞতা থেকেই অলক নিজেদের গলদটা ধরতে পারছেন, ‘২০ ওভারের ক্রিকেট মনে করে আমরা অনেক সময় টি-টোয়েন্টিতে বেশি তাড়াহুড়ো করি। আমার মনে হয়, টি-টোয়েন্টি ম্যাচেও আমাদের ফিফটি ওভারের মতোই চিন্তা করা উচিত।’৫০ ওভারের ম্যাচে স্লগ ওভারের ব্যাটিং খুব গুরুত্বপূর্ণ। গেম প্ল্যানে আগের ওভারগুলোর জন্যও থাকে নির্দিষ্ট পরিকল্পনা। ২০ ওভারের ক্রিকেটে এই নীতিটাই অনুসরণের পরামর্শ অলকের, ‘ফিফটি ওভারের ম্যাচে শুরুতে স্বাভাবিক ব্যাটিং করলেও শেষ ৮-১০ ওভারে আমরা রান তোলার চেষ্টা করি। টি-টোয়েন্টি ম্যাচকেও যদি সবাই ৫০ ওভারের ম্যাচের মতো ওভার ভাগ করে নেয়, আমার ধারণা, ভালো ফল আসবে। আইপিএলে অনেক ম্যাচেই দেখেছি শেষের দিকে জয় আসছে। আমরা যদি এভাবে চিন্তা করে খেলি সব ম্যাচই সহজ হবে। শেষ ৫ ওভারে ৫০ রান তোলা কিন্তু সহজ।’ টি-টোয়েন্টি ম্যাচে মাঝের ৮ ওভারই বেশি গুরুত্বপূর্ণ মনে করছেন অলক, ‘শুরুর ৬ ওভারে মারার পর এই ৮ ওভারে সিঙ্গেলসের ওপর খেলে হলেও রানের গতি ধরে রাখা গেলে ভালো হয়। আর শেষ ৬ ওভারে তো সব সময়ই রান আসে।’ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচের দলে না থাকলেও প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছিলেন শাহরিয়ার নাফীস। দেশের হয়ে ওই একটা মাত্র ম্যাচই খেললেও অলকের মতো আইসিএল খেলার অভিজ্ঞতা আছে শাহরিয়ারেরও। ২০ ওভারের ক্রিকেটে পিছিয়ে পড়ার মূল কারণ তাঁর কাছে যথেষ্ট ম্যাচ না খেলা, ‘আমরা এক-দুই বছর পর পর আন্তর্জাতিক ক্রিকেটে একটা টি-টোয়েন্টি ম্যাচ খেলি। টি-টোয়েন্টি বিশ্বকাপ ছাড়া বলতে গেলে এ ধরনের ক্রিকেট খেলাই হয় না। এমনকি টি-টোয়েন্টি শুরুর পর ঘরোয়া ক্রিকেটেও আমরা এ ধরনের খুব বেশি টুর্নামেন্ট খেলিনি। এই অনভ্যস্ততাই টি-টোয়েন্টি ক্রিকেটে আমাদের ভালো না করার মূল কারণ।’দেখাই যাক, আন্তর্জাতিক ক্রিকেটে আরেকবার টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচে কতটা অভ্যস্ত হয় বাংলাদেশ।