২১ বছর আগে প্রয়াত বাবাকে দেওয়া প্রতিজ্ঞা আজও ভোলেননি শচীন টেন্ডুলকার। তাই একটি অ্যালকোহল প্রতিষ্ঠানের কাছ থেকে রেকর্ড অঙ্কের স্পন্সরশিপের প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিলেন ভারতীয় ক্রিকেটের এই জীবন্ত কিংবদন্তি। ভারতের অনেক বিপণন বিশ্লেষকই জানিয়েছেন, টেন্ডুলকার এ প্রস্তাবটি গ্রহণ করলে তা হতো ভারতীয় ক্রীড়া বিপণন ইতিহাসের সর্বোচ্চ স্পন্সরশিপ চুক্তি।ভারতীয় দলের হয়ে যখন টেন্ডুলকার খেলা শুরু করেন, তখনই তাঁর বাবা রমেশ টেন্ডুলকার ছেলেকে দিয়ে প্রতিজ্ঞা করিয়েছিলেন, সে যেন কখনো কোনো অ্যালকোহল ও তামাক জাতীয় পণ্যেকে উত্সাহিত না করে। আজ এত বছর পরে খ্যাতির চূড়ান্ত শিখরে অবস্থান করেও বাবার সেই নির্দেশ অক্ষরে অক্ষরেই পালন করলেন এই ব্যাটিং জিনিয়াস।ভারতের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, তিন বছরের এ চুক্তিতে শচীন টেন্ডুলকারকে বছরে ২০ কোটি রুপিরও বেশি অর্থ দেওয়ার প্রস্তাব দিয়েছিল সেই অ্যালকোহল প্রতিষ্ঠানটি। তবে টেন্ডুলকার বিনয়ের সঙ্গেই সেই প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন।ভারতের একজন সাবেক টেস্ট ক্রিকেটার নাম প্রকাশ না করার শর্তে টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন, বাবাকে দেওয়া সেই প্রতিশ্রুতি শচীন এখনো ভোলেননি। টেন্ডুলকার চিরদিনই দৈনন্দিন জীবনাচরণে কিছু আদর্শ কড়াকড়িভাবেই মেনে চলেন—যা তিনি তাঁরা মা-বাবা ও পরিবারের কাছ থেকে উত্তরাধিকার সূত্রেই পেয়েছেন। কাড়ি কাড়ি টাকা কখনোই টেন্ডুলকারের মাথা ঘুরিয়ে দিতে পারেনি।এদিকে নির্দিষ্টভাবে কোন প্রতিষ্ঠান টেন্ডুলকারকে এ প্রস্তাব দিয়েছে, তা জানাতে পারেনি টাইমস অব ইন্ডিয়া। তবে ওয়ার্ল্ড স্পোর্টস গ্রুপের (ডব্লিউএসজি) একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন, বছরে ২০ কোটি রুপিরও বেশি এই স্পন্সরশিপ প্রস্তাবটি টেন্ডুলকার ফিরিয়ে দিয়েছেন। ওয়ার্ল্ড স্পোর্টস গ্রুপের মাধ্যমেই অ্যালকোহল পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি টেন্ডুলকারকে এ প্রস্তাব দিয়েছিল। ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বর্তমানে ইউবি গ্রুপ নামের একটি শিল্পগোষ্ঠীর সঙ্গে বছরে ২৬ কোটি রুপির চুক্তিতে আবদ্ধ। এ চুক্তিটি বর্তমানে ভারতীয় ক্রীড়া বিপণনের ইতিহাসের সর্বোচ্চ অঙ্কের চুক্তি। জানা গেছে, ইউবি গ্রুপ ধোনির সঙ্গে এ চুক্তিটি করার আগে টেন্ডুলকারকে প্রস্তাব দিয়েছিল। তবে ইউবি গ্রুপ অ্যালকোহল পানীয়ের ব্র্যান্ড ম্যাকডাওয়েলের স্বত্বাধিকারী হওয়ায় টেন্ডুলকার সেই প্রস্তাবটি ফিরিয়ে দেন।