২০ টাকায় টেস্ট ম্যাচের টিকিট!
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ দেখতে চান? যাঁরা সত্যি সত্যিই মাঠে গিয়ে সিরিজটা উপভোগ করতে চান, তাঁদের জন্য অন্তত টিকিট সমস্যা হওয়ার কথা নয় এবার। টিকিটের সর্বনিম্ন মূল্য সাধারণ দর্শকের ক্রয়ক্ষমতার মধ্যেই রাখা হয়েছে। ওয়ানডেতে সেটা ৫০ টাকা ও টেস্টে প্রতিদিন মাত্র ২০ টাকা।
কাল বিসিবিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংককে (ইউসিবি) আসন্ন এই সিরিজের টিকিট বিক্রির পার্টনার হিসেবে ঘোষণা করা হয়েছে। বিসিবির ট্যুর ম্যানেজমেন্ট কমিটির প্রধান গাজী আশরাফ হোসেন টিকিটের দাম জানিয়েছেন সেখানেই। টিকিট বিক্রি শুরু হওয়ার কথা ৭ অক্টোবর থেকে।
ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠেয় টেস্ট ম্যাচে হসপিটালিটি বক্সের প্রতিটি আসনের প্রতিদিনের টিকিটের দাম তিন হাজার টাকা, ওয়ানডেতে পাঁচ হাজার টাকা। একইভাবে ভিআইপি গ্র্যান্ড স্ট্যান্ড টেস্টে ৫০০ ও ওয়ানডেতে এক হাজার, আন্তর্জাতিক গ্যালারি টেস্টে ১০০, ওয়ানডেতে ৩০০; শহীদ মুশতাক ও জুয়েল স্ট্যান্ড টেস্টে ৭৫, ওয়ানতে ২০০; উত্তর ও দক্ষিণ গ্যালারি টেস্টে ৫০, ওয়ানডেতে ১০০ এবং পূর্ব গ্যালারি টেস্টে ২০ টাকা ও ওয়ানডেতে ৫০ টাকা করে। সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটা মিরপুরে হলে ওয়ানডের মতোই হবে ওই ম্যাচের টিকিটের মূল্য।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এবার হবে শুধু প্রথম টেস্টটাই। হসপিটালিটি বক্স, ভিআইপি গ্র্যান্ড স্ট্যান্ড ও আন্তর্জাতিক গ্যালারির টিকিটের দাম সেখানেও একই। তবে ক্লাব হাউসের টিকিটের দাম ৭৫ টাকা, পশ্চিম গ্যালারি ৫০ ও পূর্ব গ্যালারির টিকিটের দাম ২০ টাকা।
ফতুল্লায় স্টেডিয়ামে অনুষ্ঠেয় সিরিজের তৃতীয় ওয়ানডেতে হসপিটালিটি বক্সের আসনপ্রতি দাম পাঁচ হাজার টাকা, ভিআইপি গ্র্যান্ড স্ট্যান্ড এক হাজার টাকা, আন্তর্জাতিক গ্যালারি ৩০০ টাকা, ক্লাব হাউস ২০০ টাকা, পশ্চিম গ্যালারি ১০০ টাকা ও পূর্ব গ্যালারির টিকিট ৫০ টাকা করে।
ঢাকায় ইউসিবির ছয়টি শাখায় পাওয়া যাবে টিকিট। শাখাগুলো হলো মতিঝিল প্রিন্সিপাল শাখা, গুলশান করপোরেট শাখা, নয়াবাজার, সোনারগাঁও জনপথ, মিরপুর ও ধানমন্ডি শাখা। নারায়ণগঞ্জে টিকিট কিনতে হবে চাষাঢ়া শাখা থেকে। চট্টগ্রামে পাওয়া যাবে আগ্রাবাদ এবং ও আর নিজাম সড়ক শাখায়।
টি-টোয়েন্টি ম্যাচটি সিলেটে হওয়ার কথা থাকলেও এখনো আন্তর্জাতিক ভেন্যুর মর্যাদা পায়নি সিলেট বিভাগীয় স্টেডিয়াম। সে জন্য সিলেটে অনুষ্ঠেয় সম্ভাব্য এ ম্যাচের টিকিটের দাম কালই জানানো হয়নি। তবে সিলেটে খেলা হলে টিকিট পাওয়া যাবে শাহজালাল উপশহর ও প্রধান শাখায়।