২০ বছর পর দ্বিতীয় পর্বে উরুগুয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক দিন ধরেই থমকে ছিল উরুগুয়ের ফুটবল। ১৯৭০ সালের পর আর কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যেতে পারেনি দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ১৯৯০ সালে শেষবারের মতো গ্রুপ পর্ব টপকে পরের পর্বে গিয়েছিল তারা। ২০ বছর পর আবার দ্বিতীয় পর্বের মুখ দেখতে পেল উরুগুয়ে। দক্ষিণ আফ্রিকা, মেক্সিকোকে হারিয়ে আর ফ্রান্সের সঙ্গে ড্র করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই দ্বিতীয় রাউন্ডে উঠে গেছে লাতিন এই দেশটি এবারে আরও দূরে যাওয়ার স্বপ্নে বিভোর উরুগুয়েনরা। বিশ্বকাপ জিতে নেওয়ার মতো আকাশ-কুসুম কল্পনা অবশ্য তারা করছে না। বাস্তববাদী হয়েই দ্বিতীয় রাউন্ড শুরু করতে চায় দেশটি। স্ট্রাইকার সেবাস্তিয়ান আব্রুই বলেছেন, ‘আমরা বাস্তববাদী। বিশ্বকাপ জেতার মতো দল হতে না পারি, কিন্তু নিজেদের ওপর ভরসা রয়েছে আমাদের।’হ্যাঁ, ভরসা তো তিনি করতেই পারেন। গ্রুপ পর্বের খেলাগুলোতে তাঁরা এমনই নিশ্ছিদ্র রক্ষণভাগ গড়ে তুলেছিলেন যে, একটা বলও উরুগুয়ের জালে জড়ায়নি। আর লুইস সুয়ারেজ, ডিয়েগো ফোরলান যে প্রতিপক্ষের রক্ষণভাগের ঘুম হারাম করে দিতে পারেন, সেটাও বেশ ভালোই বোঝা গেছে। উরুগুয়ের অধিনায়ক ডিয়েগো লুগানো অনেক বড় কিছু করার স্বপ্ন দেখছেন, ‘আমরা এই বিশ্বকাপে অনেক ভালো পারফরমেন্স দেখাতে চাই। এ পর্যন্ত আমরা অনেক দক্ষতার সঙ্গে খেলেছি, যা আমাদের অনেক আত্মবিশ্বাসী করে তুলেছে।’দ্বিতীয়পর্বে অবশ্য অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষই পাচ্ছে উরুগুয়ে। এশিয়ার প্রতিনিধি দক্ষিণ কোরিয়ার বিপক্ষে উরুগুয়েই ফেবারিট হিসেবে মাঠে নামবে। পরিসংখ্যানের বিচারেও উরুগুয়ে এগিয়ে থাকছে। এর আগে এই দুই দল মুখোমুখি হয়েছে পাঁচবার। এর মধ্যে চারবারই উরুগুয়ে জিতেছে, একবার ড্র। মঞ্চ প্রস্তুতই আছে, অপেক্ষা কেবল ফোরলান, সুয়ারেজদের জ্বলে ওঠার। তাঁরা জ্বলে উঠলেই ৫০ বছর পর নতুন করে নিজেদের অন্য উচ্চতায় তুলে ধরবে বিশ্বকাপ ইতিহাসের প্রথম চ্যাম্পিয়নরা।