২০-২৫ রানের আক্ষেপ
সিরিজ জয়ের উৎসব হয়নি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম ‘উপহার’ দিল ২০-২৫ রানের আক্ষেপ। তবে এই আক্ষেপের মধ্যেও একটা সংকল্প আছে। শেষ দুই ম্যাচে ফিরে পেতে হবে খুলনার বাংলাদেশকে। সিরিজ জয়ের আশা বেঁচে থাকছে এই সংকল্পে।গত বছরের আগস্টে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত ৬০ রান করার পর চলে গেছে ৯ ম্যাচ। এর আটটিতে ব্যাট করে মাহমুদউল্লাহর সর্বোচ্চ ছিল গত বছর চট্টগ্রামে পাকিস্তানের বিপক্ষে করা ৩৫ রান। ৯ ম্যাচ পর করা ফিফটিটাকে (৫২) কাল বড় করতে না পারলেও বাংলাদেশ দলের ২২৭ রানে ওটাই সর্বোচ্চ ব্যক্তিগত অবদান। তার পরও পরাজিত ম্যাচের শেষে সংবাদ সম্মেলনে আফসোস ঝরল বাংলাদেশের সহ-অধিনায়কের কণ্ঠে, ‘আমার মনে হয়, আমরা ২০-২৫ রান কম করে ফেলেছি। তা ছাড়া যে উইকেটে খেলা হয়েছে, আরেকটু ভালো বল করলে ফলাফল অন্যরকমও হতে পারত।’১১০ রানে ৫ উইকেট পড়ার পর অধিনায়ক ও সহ-অধিনায়কের ৫৮ রানের জুটিটাই ম্যাচে রেখেছিল বাংলাদেশ দলকে। কিন্তু পুরোপুরি সফল হয়নি মুশফিক-মাহমুদউল্লাহর পরিকল্পনা। ‘ওই সময় ২৩০-২৪০ রানের টার্গেট ছিল আমাদের। আমি আর মুশফিক ঠিক করেছিলাম পাওয়ার প্লেতে পজিটিভ ব্যাটিং করে রান করব। উইকেট হাতে রেখে খেলার ইচ্ছা ছিল। এরপর দেখা যাবে কী করা যায়। দুর্ভাগ্যজনকভাবে সেটা পারিনি।’ আফসোস মাহমুদউল্লাহর।উইকেট সাহায্য করেছে বোলারদের। না পারার এটা একটা কারণ। সঙ্গে মাহমুদউল্লাহ বললেন সুনীল নারাইনের কথাও, ‘টেস্টে সে তার “রং আন” সেভাবে ব্যবহার করেনি। খুলনার ওয়ানডে থেকে সে সেটা করছে এবং সাফল্যও পাচ্ছে। তবে আশা করছি, ভিডিও ফুটেজ দেখে তার খেলতে না পারার কারণটা আমরা খুঁজে বের করতে পারব।’৪ উইকেটের জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ফিরলেও সিরিজ জিততে এখনো দুই ম্যাচ হাতে পাচ্ছে বাংলাদেশ। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের মতো দলের বিপক্ষে নিজেদের ফিরে পেয়ে সিরিজ জয়ের উৎসব করার মানসিক শক্তি কি আছে দলের? মাহমুদউল্লাহ ইতিবাচক এবং আশাবাদী, বাকি দুই ম্যাচে ইতিবাচক মানসিকতা নিয়ে খেলবে পুরো দলই, ‘আমরা এখনো ইতিবাচক। শেষ দুই ম্যাচে আরও ভালোভাবে ফিরে আসতে চাই, চাই আরও বেশি আক্রমণাত্মক মানসিকতা নিয়ে খেলতে। আমাদের সেই মানসিক শক্তি আছে।’ ২-০তে এগিয়ে যাওয়ার পর এই হারকে ধারাবাহিকতার ছন্দপতনও মনে করেন না তিনি, ‘এক ম্যাচে খারাপ খেলা মানেই অধারাবাহিক হয়ে যাওয়া নয়। আমরা এ বছর অনেক ভালো ক্রিকেট খেলেছি। আশা করি বাকি ম্যাচগুলোতেও ভালো খেলে সিরিজ জিতব।’ঢাকায় সবই দিবারাত্রির ম্যাচ। টস জেতাটা তাই বড় হয়ে উঠছে এখানে। মাহমুদউল্লাহও মানছেন শিশিরতত্ত্বে টসের গুরুত্ব। সঙ্গে আহত বাঘ ওয়েস্ট ইন্ডিজের দানব হয়ে ওঠার শঙ্কা তো আছেই। তবে সামর্থ্যের সর্বোচ্চ ব্যবহার এই সবকিছুকেই পারে হারিয়ে দিতে। সিরিজ জয়ের সংকল্পে সেটাই বড় অস্ত্র মাহমুদউল্লাহর, ‘এসবের দিকে তাকিয়ে না থেকে নিজেদের শক্তি আর সামর্থ্যের ওপরই ভরসা করতে হবে এখন।’এই দুটি জিনিস যে বাংলাদেশ দলের ভালোই আছে, সেটা তো খুলনাতেই দেখেছে সবাই।