২০তম সোনাও পেয়ে গেলেন ফেল্প্স

২০তম সোনাটাও পেয়ে গেলেন মাইকেল ফেল্প্স। আজ ২০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে সোনা জিতেছেন আমেরিকান এই সাঁতারু। অলিম্পিকে এটি তাঁর ২৪তম পদক।
২০০ মিটার বাটারফ্লাইয়ের অলিম্পিক রেকর্ড, বিশ্ব রেকর্ড, সবই ফেল্প্সের দখলে। তবু ফাইনালের আগে একটু শঙ্কা জেগেছিল, নিজের প্রিয় এই ইভেন্টের সোনাটি ধরে রাখতে পারবেন কি না। হাজার হলেও হাঙ্গেরির তামাস কেন্ডারেসির পেছনে থেকে ফাইনালে উঠেছেন। কিন্তু ফাইনালে শুরু থেকেই প্রতিদ্বন্দ্বীদের কোনো সুযোগ দেননি সর্বকালের সর্বশ্রেষ্ঠ অলিম্পিয়ান। পুলে ঝাঁপ দেওয়ার পর যে আধিপত্য ছিল, সেটিই ধরে রেখেছেন শেষ পর্যন্ত। দক্ষিণ আফ্রিকান চেড লে ক্লুস ১৫০ মিটার পর্যন্ত ধারে–কাছে থাকলেও শেষ দিকে আর পারেননি। উল্টো শেষ দিকে কেন্ডারেসির পেছনে পড়ে ব্রোঞ্জপদকটিও হারিয়েছেন। রুপা জিতেছেন জাপানের মাসাতো সাকাই।
এর খানিক আগেই মেয়েদের ২০০ মিটার ফ্রি স্টাইলে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের কেটি লেডেকি।