২০০ টেস্ট শচীনের প্রাপ্য: ব্রেট লি
১৯৮৯ সালে অভিষেক। দীর্ঘ ক্যারিয়ারে ১৯৮টি টেস্টে অংশ নিয়েছেন শচীন টেন্ডুলকার। অস্ট্রেলিয়ার সাবেক ‘স্পিডস্টার’ ব্রেট লি মনে করেন, আরও অন্তত দুটি টেস্টে অংশ নেওয়ার আগে ক্রিকেটকে বিদায় জানানো ঠিক হবে না লিটল মাস্টারের।বার্তা সংস্থা পিটিআইয়ের খবর, ব্রেট লির এই মন্তব্য ৪০ বছর বয়সী শচীনের অবসরসংক্রান্ত সাম্প্রতিক কথাবার্তার ধারাবাহিকতায়। গণমাধ্যমে গুঞ্জন, গত বছর সীমিত ওভারের ক্রিকেট থেকে বিদায় নেওয়া শচীন দ্রুতই টেস্ট ক্যারিয়ারের ইতি টানবেন। কেউ আবার পরামর্শ দিচ্ছেন, টেস্ট ক্রিকেটটা চালিয়ে যাওয়া উচিত এই ব্যাটিং কিংবদন্তির।আজ সোমবার মুম্বাইয়ে এক অনুষ্ঠানে ব্রেট লি বলেন, ‘গণমাধ্যমে কেউ বলছেন শচীনের সরে যাওয়া উচিত, কেউ বলছেন তাঁর ক্রিকেট চালিয়ে যাওয়া উচিত। আমি মনে করি, তিনি যদি ভালো ব্যাট করতে পারেন ও রান পান, অবসরের সিদ্ধান্তটা তাঁর ওপরই ছেড়ে দেওয়া উচিত। আমার বিশ্বাস, এটাই যথার্থ হবে।’ব্রেট লি বলেন, ‘একজন খেলোয়াড় যদি ২০ বছরের বেশি সময় আন্তর্জাতিক ক্রিকেট খেলে, ২০০তম টেস্ট খেলাটা তাঁর প্রাপ্য। আশা করি, শচীন যদি ২০০তম টেস্ট খেলার সুযোগ পান, ভবিষ্যতে কেউই তাঁর রেকর্ড ভাঙতে পারবে না।’আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে একসঙ্গে দুটি দায়িত্ব পালন করছেন ব্রেট লি। পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াসিম আকরাম সরে দাঁড়ানোর পর থেকে বোলিং উপদেষ্টার দায়িত্বে আছেন তিনি। ক্রিকেটার হিসেবে মাঠের লড়াইটা তো আছেই।শচীনকে ‘কিংবদন্তি’ আখ্যায়িত করে ব্রেট লি বলেন, ‘সব দিক থেকেই শচীন লিটল মাস্টার। ১৯৮ টেস্ট খেলা একটা বড় অর্জন। সবচেয়ে বেশি রানের মালিক তিনি। ডন ব্রাডম্যান ও শচীনের মধ্যে কে বড়, এটা বলছি না। তবে শচীন আমার ছেলেবেলার নায়ক।’পরবর্তী টেস্টে অংশ নেওয়ার জন্য অবশ্য দীর্ঘসময় অপেক্ষায় থাকতে হবে শচীনকে। আগামী নভেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে ভারতীয় দল। ওই সফরের আগে লিটল মাস্টারের টেস্টে অংশ নেওয়ার সুযোগ নেই।