২০০ মিটারের সেমিফাইনালে বোল্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০০ মিটার দৌড়ে নতুন রেকর্ড গড়ে সোনা জেতার পর ২০০ মিটার ইভেন্টেও চমক দেখানোর অপেক্ষায় আছেন উসাইন বোল্ট। আজ ২০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করে তিনি চলে গেছেন সেমিফাইনালে। আগামীকাল বুধবার ২০০ মিটারের সেমিফাইনালে দৌড়াবেন এই জ্যামাইকান অ্যাথলেট। চার বছর আগে বেইজিং অলিম্পিকেও ২০০ মিটারে সোনা জিতেছিলেন উসাইন বোল্ট। এবার এই ইভেন্টে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারলেই তিনি হয়তো বসে যাবেন সর্বকালের সেরাদের আসনে। অলিম্পিক শুরুর আগে ইনজুরি আশঙ্কা এবং গাড়ি দুর্ঘটনার মুখে পড়লেও মূল আসরে বেশ ভালোভাবেই ফিরে এসেছেন বিশ্বের এই দ্রুততম মানব। আর এর পেছনে লন্ডনের দর্শকদের একটা বিপুল অবদান আছে বলে মন্তব্য করেছেন বোল্ট। আজ সফলভাবে সেমিফাইনালে চলে যাওয়ার পর এক সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘আমি এখানকার দর্শকদের অনেক সমর্থন পাচ্ছি। এটা আমার পারফরম্যান্সের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’তবে ২০০ মিটারের চূড়ান্ত দৌড়ে স্বদেশি ইয়োহান ব্লেকের সঙ্গে বোল্টের বেশ হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা হবে বলে মনে করছেন ক্রীড়াপ্রেমীরা। ব্লেকও প্রায় সমান সময়েই শেষ করেছেন ২০০ মিটারের এই দৌড়, ২০.৩৮ সেকেন্ডে। বোল্ট ও ব্লেকের সঙ্গে সেমিফাইনালের টিকিট পেয়েছেন আরেক জ্যামাইকান ওয়ারেন ওয়ের, যুক্তরাষ্ট্রের ওয়ালেস স্পেয়ারমুন ও ব্রিটেনের ক্রিশ্চিয়ান ম্যালকম।— বিবিসি