২০০২ ফিরিয়ে আনার লক্ষ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোরিয়ানদের স্বপ্নটা এবার বড়ই
কোরিয়ানদের স্বপ্নটা এবার বড়ই

ফুটবলে এশিয়ার অবস্থানটা কখনোই খুব শক্তপোক্ত ছিল না। বিশ্বকাপে তাদের অংশ নেওয়াটা অনেকটা নিয়মরক্ষার মতোই। এশিয়ার প্রতিনিধিরা বিশ্বকাপে আসবে, গ্রুপ পর্যায়ের ম্যাচ খেলবে, দেশে ফিরে যাবে—এটাই যেন নিয়মে দাঁড়িয়ে গিয়েছিল বেশ অনেকটা বছর। ফুটবল বিশ্বের কুলীন দলগুলোর সহজ প্রতিপক্ষই ধরে নেওয়া হতো এশিয়ার দেশগুলোকে। কিন্তু ধীরে ধীরে ব্যাপারটায় পরিবর্তন আসছে। নিজেদের গ্রুপ এশিয়ার কোনো দেশ দেখলেই এখন আর নিশ্চিন্ত বোধ করতে পারে না বড় দেশগুলো। এশিয়ার দেশগুলোর বিপক্ষে খেলা মানেই এখন আর নিশ্চিত বিজয় নয়। একটু এদিকে-ওদিক হলেও পা হড়কানোর শঙ্কা। সন্দেহ নেই এই ‘মনোভাব পরিবর্তনে’র পুরো কৃতিত্বই দক্ষিণ কোরিয়ার। ২০০২ সালের স্বপ্নের বিশ্বকাপে এশিয়ার প্রথম ও শেষ দল হিসেবে সেমিফাইনালে উঠে তারা জানান দিয়েছিল, আমরাও পিছিয়ে নেই! 

 দলটিতে নেই কোনো রথী-মহারথী। এমন কেউ নেই যে একাই হয়ে উঠতে পারেন ম্যাচের নিয়ন্ত্রক। পার্ক জি সুংয়ের বিদায়ের পর দলটি এখনো পুনর্বাসন-প্রক্রিয়ার মধ্যে আছে। তবে দক্ষিণ কোরিয়া এমন একটি দল, যে দল একতাবদ্ধ হয়ে দৃঢ় ইচ্ছাশক্তি আর সামর্থ্যের প্রমাণ রাখে মাঠে। দেশের মাটিতে ২০০২ বিশ্বকাপ তাদের জন্য হয়ে আছে সুখস্মৃতিই। গতবার দক্ষিণ আফ্রিকাতেও খুব খারাপ খেলেনি দলটি। দ্বিতীয় রাউন্ডে উরুগুয়ের বিপক্ষে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে বিদায় নিতে হয়েছিল তাদের। এবারও অন্তত দক্ষিণ আফ্রিকার পারফরম্যান্সের পুনরাবৃত্তির ব্যাপারটিই বুকে ধারণ করে ব্রাজিল যাচ্ছে তারা।

বাছাইপর্বে অবশ্য বেশ চড়াই-উতরাই পেরিয়েই বিশ্বকাপের মূলমঞ্চে খেলার সুযোগ পেয়েছিল দলটি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইরানের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ খেলার স্বপ্নই ধূলিসাত্ হতে বসেছিল তাদের। কিন্তু কাতারের কাছে উজবেকিস্তানের অপ্রত্যাশিত ৫-১ গোলের হার ব্রাজিলের টিকিট পাইয়ে দিয়েছে তাদের। দলের কোচ সাবেক দক্ষিণ কোরিয়ান ফুটবলার হং মিউং বো। ২০০২ সালের বিশ্বকাপের দলটিতেও খেলেছেন তিনি। খেলোয়াড় হিসেবে পাওয়া ওই অসাধারণ সাফল্যকে কোচ হিসেবে অনূদিতই করতে চাইবেন এবারের বিশ্বকাপে।  

দলটিতে সন হিউং মিনই একমাত্র খেলোয়াড়, যিনি খেলেছেন চ্যাম্পিয়নস লিগে। বুন্দেসলিগার বেয়ার লেবারকুসেনের হয়ে খেলা এই তারকা নিঃসন্দেহে এবারের দক্ষিণ কোরিয়ানদের স্বপ্নের অন্যতম সারথি । এই মৌসুমে ক্লাবের হয়ে দেখিয়েছেন দারুণ নৈপুণ্য। দিনকে দিন আরও বেশিই যেন পরিপক্ব হয়ে উঠছেন এই ফরোয়ার্ড। সৃজনশীলতা আর গোলমুখে অনন্য তত্পরতার কারণে তাঁকে সব প্রতিপক্ষই বিপজ্জনক খেলোয়াড় হিসেবে চিহ্নিত করবে।

শেষ মুহূর্তে কোচ দলে ডেকেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে সোয়ানসে সিটির হয়ে খেলা কি সুং ইয়েংকে। এই অ্যাটাকিং মিডফিল্ডার এ মৌসুমে অবশ্য ধারে খেলেছেন সান্ডারল্যান্ডের হয়ে। তাঁর অবশ্য বিশ্বকাপ খেলারই কথা ছিল না। কিন্তু দ্রুত চোট কাটিয়ে ওঠায় তিনি ফিরেছেন দলে। কোচও তাঁকে দলে রেখে সঠিক বার্তাটি জানিয়ে দিয়েছেন, ‘নিজেকে নিংড়ে দিতে হবে পুরোটুকু।’

জার্মানির মেইঞ্জের হয়ে খেলা কু জা চিউলের ওপর চোখ থাকবে কোরিয়ার সব প্রতিপক্ষেরই। আগ্রাসী এই খেলোয়াড় নিজের সামর্থ্যের পুরোটা ঢেলে দিতে পারলে হয়ে উঠবেন দক্ষিণ কোরিয়ার সাফল্যের নিয়ামক। রক্ষণভাগের নেতৃত্ব দেবেন কিম ইউং গিয়ন। ইতালিকে ২০০৬ সালে বিশ্বকাপ জেতানো কোচ মার্সেলো লিপ্পির উঁচু ধারণা গিয়নকে নিয়ে। তিনি বলেছিলেন, তাঁর ম্যানচেস্টার ইউনাইটেডের মতো দলে খেলার পূর্ণ সামর্থ্য আছে।

বিশ্বকাপ অভিজ্ঞতা: এ নিয়ে নবমবারের মতো বিশ্বকাপ মঞ্চে হাজির হচ্ছে দক্ষিণ কোরিয়া। এর মাঝে ২০০২ সালের সেমিফাইনালে উঠে যাওয়ার ব্যাপারটি রূপকথার মতোই সাফল্য। এর বাইরে গতবারের দ্বিতীয় রাউন্ডও কম বড় সাফল্য ছিল না। ১৭ জুন রাশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে দক্ষিণ কোরিয়ার বিশ্বকাপ অভিযান। গ্রুপ ‘এইচ’-এ অন্য দুই প্রতিপক্ষ আলজেরিয়া ও বেলজিয়াম।   

শক্তিমত্তা: তারুণ্যে ভরপুর দলটির বেশ কয়েকজন খেলোয়াড়ই খেলে থাকেন ইউরোপের শীর্ষ লিগগুলোতে। ২০১২ সালের লন্ডন অলিম্পিকের ফুটবলে ব্রোঞ্জজয় দলকে আরও বেশি অনুপ্রাণিত করবে।

দুর্বলতা: আক্রমণভাগের গোলশূন্যতা ভাবিয়ে তুলেছে কোচকে। পার্ক জি সুংয়ের বিদায়ের পর মাঠে একজন নেতার অভাব বোধ করছে দলটি।   

দক্ষিণ কোরিয়া দলটি এখনো ‘আন্ডাররেটেড’। সত্যি বলতে কি, খুব কম প্রতিপক্ষই দক্ষিণ কোরিয়ার মতো দলকে গ্রুপে পেয়ে দুশ্চিন্তায় ভ্রুকুঁচকাবে। অবশ্য এটা তাদের জন্য সুবিধাই বয়ে নিয়ে আসতে পারে। যেমনটা হয়েছিল ২০০২ সালে। সেবার স্বাগতিক হলেও কোনো দল কী ভেবেছিল তারা সেমিফাইনালে পৌঁছবে!