২০০৭ ভোলেননি ধোনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহেন্দ্র সিং ধোনি
মহেন্দ্র সিং ধোনি

বেঙ্গালুরুর দুঃখ কি কখনো কাটিয়ে উঠতে পারবে বাংলাদেশ? প্রশ্ন উঠছেই। কারণ এমন পরাজয় মনের মধ্যে চিরকালীন এক দাগ রেখে যায়। মহেন্দ্র সিং ধোনিকেই জিজ্ঞেস করে দেখুন, তিনিও সায় দেবেন এতে।
জয়ের জন্য শেষ ৩ বল থেকে প্রতিপক্ষের দরকার ২ রান, আর ফিল্ডিং দলের পুঁজি ১ রান! জিতে গেল দ্বিতীয় দলটাই। টি-টোয়েন্টি ইতিহাসের সেরা ম্যাচ বলা হচ্ছে একে। জয়ী দলের তো রীতিমতো ওড়ার কথা। হয়তো এ জন্য সাংবাদিকেরা প্রশ্ন করেছিলেন ধোনিকে, এই জয়ে কি ২০০৭ বিশ্বকাপের সেই পরাজয়ের দুঃখটা ভারত ভুলতে পারল?
উত্তরে অবাক করলেন ধোনি, ‘সত্যি কথা বলতে, না। কোনো কিছুই সে ঘটনা ভুলিয়ে দিতে পারবে না। আমরা যা-ই করি কিংবা বলি না কেন, ২০০৭-এর সেই পরাজয় আমাদের এখনো মনে আছে। আমরা সবাই মানুষ। দিনের শেষে ভালো না খেললে আমাদেরও কষ্ট লাগে। আমরা তখন ভালো ক্রিকেট খেলছিলাম, কিন্তু ওই একটি পরাজয়ের জন্য আমরা বিশ্বকাপের দ্বিতীয় পর্বে উঠতে পারিনি। তাই আমার মনে হয় না, এই জয়ে ২০০৭-এর পরাজয় ভোলা সম্ভব। আমার জীবনে সেটি খুব কঠিন সময় ছিল।’
এমন আবেগময় কথা বলে ভারতীয় সংবাদমাধ্যমের মন কাড়তে পারেননি ধোনি। এই জয়ের পরও কথা শুনতে হয়েছে নেট রানরেট নিয়ে। বাংলাদেশের বিপক্ষে মাত্র ১ রানে জেতায় রানরেটে প্রতিদ্বন্দ্বীদের চেয়ে অনেক পিছিয়ে ভারত। এক সাংবাদিক এ প্রসঙ্গ তুলতেই ক্ষোভে ফেটে পড়লেন ধোনি, ‘শুনুন। আপনার প্রশ্ন শুনে, আপনার প্রশ্ন করার ভঙ্গি ও গলার স্বর শুনে আমি নিশ্চিত, আপনি ভারতের আজকের জয়ে একেবারেই খুশি হতে পারেননি। আর একটা কথা আপনাকে বলি, ক্রিকেট খেলা কখনো চিত্রনাট্য মেনে হয় না। তবে আমি জানি, আপনি এই পরিস্থিতি বিশ্লেষণ করতে পারবেন না। কারণ মাঠের বাইরে বসে এসব বিশ্লেষণ করা সম্ভব নয়।’ ওয়ানইন্ডিয়াডটকম।