২০১১-তে চোখ মুরালির
১৯৯৬ বিশ্বকাপ শ্রীলঙ্কা জিতেছিল ঠিকই, কিন্তু তাতে তেমন একটা অবদান নেই মুত্তিয়া মুরালিধরনের। ৬ ম্যাচে উইকেট নিয়েছিলেন ৭টি। মাত্র এক ইনিংসে ব্যাট করে রান করেছিলেন অপরাজিত ৫। এ নিয়ে মুরালির মনে আক্ষেপ না থেকে পারেই না। দেড় দশক পর আরেকটি বিশ্বকাপের যৌথ আয়োজক যখন শ্রীলঙ্কা, তাঁর হাত তো নিশপিশ করবেই।মুরালিও অনেক আগে থেকেই বলে আসছেন, এই বিশ্বকাপ জিতেই তিনি বিদায় নিতে চান ওয়ানডে ক্রিকেট থেকেও। ওয়ানডের সর্বোচ্চ উইকেটের মালিকের ক্যারিয়ারের সেটি হবে বর্ণাঢ্য সমাপ্তি। তবে ৩৮ বছর বয়সী কাল জানিয়েছেন, শুধু নিজের কথা ভেবে শিরোপার প্রার্থনা তিনি করছেন না। তাঁর ভাবনায় শ্রীলঙ্কার ভবিষ্যৎ, ‘আমি আগামী বিশ্বকাপ জিততে চাই। এতে আমাদের ভবিষ্যৎ সুরক্ষিত হবে, আরও নতুন নতুন বিশ্বমানের খেলোয়াড় আমরা উপহার দিতে পারব। যারা তাদের খেলার বৈচিত্র্য, প্রতিভা, ক্যারিশমা আর শৌর্যবীর্য দিয়ে বিশ্ব মাতিয়ে রাখবে।’২০০৭ বিশ্বকাপটি অবশ্য দারুণ কেটেছিল মুরালির। ১৫.২৬ গড়ে নিয়েছিলেন ২৩ উইকেট। দল ফাইনালে উঠলেও শিরোপা অবশ্য জেতা হয়নি। এই দুটি বিশ্বকাপই তাঁর ক্যারিয়ারের উজ্জ্বল অর্জন হয়ে থাকবে বলে মনে করেন মুরালি, ‘ভারতীয় উপমহাদেশে আয়োজিত ১৯৯৬ বিশ্বকাপ জয়কে আমি সব সময়ই টেস্টে আমার ৮০০ উইকেট পাওয়ার সমান কৃতিত্ব মনে করি। তিন বছর আগের বিশ্বকাপে ফাইনালে ওঠাটাও কিন্তু কম বড় অর্জন নয়।’ ওয়েবসাইট।