২০১১: বছরের ক্রীড়ারঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুধুই কি খেলা? সঙ্গে ‘ধুলা’ যোগ হয়েই না ব্যাপারটি সার্থক হয়! আর তাই বিশ্বের খেলাধুলার দুনিয়ায় খেলার মতো সিরিয়াস বিষয় যেমন আছে, তেমনি আছে ধুলার মতো অগুরুত্বপূর্ণ কিন্তু মজার মজার অনেক কিছুই। ২০১১ সালেও এমনই কিছু ঘটে যাওয়া ঘটনা দেখুন এক পলকেঅ্যাথলেটিকসঅন্য রেকর্ড : শিকাগো ম্যারাথনে অংশ নিয়ে দৌড় শেষ করতে ৬ ঘণ্টা ২৩ মিনিট সময় নিয়েছিলেন। বুঝতেই পারছেন, অ্যাম্বার মিলার কোনো রেকর্ড গড়তে পারেননি। তবে সেদিনই সবাইকে চমকে দিয়েছিলেন এই ২৭ বছর বয়সী। ওই সন্ধ্যাতেই যে ফুটফুটে একটা মেয়ের জন্ম দেন মিলার! চিকিৎসকদের অনুমতি নিয়েই ম্যারাথনে অংশ নিয়েছিলেন। তবে সেদিনই যে সন্তানের আগমন ঘটবে, কে জানত! ‘এটা ছিল আমার জীবনের দীর্ঘতম দিন’—সন্তান জন্ম দেওয়ার চেয়ে ম্যারাথন দৌড় হাজার গুণ সহজ মন্তব্য করে বলেছিলেন মিলার।বয়স স্রেফ সংখ্যা : বয়স আসলে কী? স্রেফ একটা সংখ্যা। এ বছর অনুষ্ঠিত ইন্দোনেশিয়ায় দক্ষিণ-পূর্ব এশিয়ান গেমসে প্রমাণ হয়ে গেছে সেটাই। ওয়াটার স্কিয়িং ট্রিকস ইভেন্টে সোনা জিতেছে আলিয়াহ ইয়ুং হানিফা। হানিফার বয়স? মাত্র আট বছর! গেমসের ইতিহাসে সবচেয়ে কম বয়সে সোনা জেতার রেকর্ড এখন মালয়েশিয়ার এই শিশুর। বয়সের খেল শেষ হয়ে যায়নি এখানেই। কারণ ব্রিজ খেলে লাই চুন এনজি জিতেছেন দুটি রুপা, সেটি ৭৬ বছর বয়সে! সবচেয়ে বেশি বয়সে পদকমঞ্চে ওঠার রেকর্ডও দেখেছে এই গেমস।নিজেকে নিলাম : ব্রিটেনের সেরা দৌড়বিদদের একজন তিনি। ২০০ মিটার দৌড়ে তাঁর টাইমিং ২০.৫২ সেকেন্ড। ব্রিটিশদের মধ্যে যেটি দ্বিতীয় দ্রুততমের রেকর্ড। লন্ডন অলিম্পিকে ব্রিটেনের অন্যতম ভরসাও। আর সেই জেমস এলিংটন কোনো স্পনসরই পাচ্ছেন না! স্পনসর না পেলে অনুশীলন খরচ, কোচের বেতন দেবেন কোত্থেকে। তাঁকে নিজেকেও তো জীবন ধারণ করতে হবে। শেষে বেচারা বুদ্ধি বার করে জনপ্রিয় নিলামকারী ওয়েবসাইট ইবেতে নিজেকেই তুলে দিয়েছেন নিলামে। নিজের সর্বনিম্ন দর ধরেছিলেন ৩০ হাজার পাউন্ড। যে তাঁকে এই টাকা দেবে, তাঁর নাম বা লোগো আগামী অলিম্পিকে ব্যবহার করবেন এলিংটন। ফুটবলতৈলমর্দন : আমাদের দেশের প্রধানমন্ত্রীকে ঘিরে চাটুকারের দল থাকে বলে আমাদের কত খেদ। পৃথিবীর সব দেশেই তা হয় বোধ হয়। এই যে বুলগেরিয়ার কথা ধরুন। এবার বুলগেরিয়ার বর্ষসেরা তালিকায় চলে এসেছিল দেশটির প্রধানমন্ত্রী বইকো বরিসভের নাম! তা বরিসভ ফুটবল টুকটাক খেলেন বটে। স্থানীয় তৃতীয় বিভাগের একটি দলের হয়ে মাঝেমধ্যে মাঠে নামেন। তাই বলে তিনি রিস্টো স্টইচকভ নন, এমনো প্রতিভা নেই যে ম্যানইউ তারকা দিমিদার বারবেতভের আগে থাকবে তাঁর নাম! মনোনীত তালিকা প্রকাশের পর বরিসভই সবচেয়ে বেশি লজ্জা পেয়েছেন, ‘এই ভোট এটা প্রমাণ করে না যে, রবিসভ দেশের সেরা ফুটবলার। তবে এটা প্রমাণ হয়ে যায়, দেশের ফুটবল ঠিকমতো চলছে না।’চাটুকার সব প্রধানমন্ত্রীর পাশেই থাকে। কিন্তু সব প্রধানমন্ত্রী সেই চাটুকারদের তৈলমর্দনে বিগলিত হন না!রাগবি ইউনিয়নআজব জরিমানা : বিশ্বকাপ মানে কোচদের জন্য বড় পরীক্ষা। সেখানে ব্যর্থ হওয়া মানে শাস্তি অনিবার্য। গত রাগবি বিশ্বকাপে ব্যর্থ হওয়ায় শাস্তি পেয়েছিলেন সামোয়ার কোচ ম্যাথু ভাইয়ে। সামোয়া কোয়ার্টার ফাইনালে উঠতে ব্যর্থ হওয়ার পর প্রশান্ত মহাসাগরের ছোট্ট দ্বীপ দেশটির লিউভা গ্রামের গোত্রপ্রধান কোচকে এই বার্তা পাঠান, তাঁকে জরিমানা গুনতে হবে। কী সেই জরিমানা? দিতে হবে ১০০টি শূকরছানা! শেষ পর্যন্ত বাজারে গিয়ে কেনার ঝক্কিতে না গিয়ে ১০০ শূকরছানার দাম দিয়ে দিয়েছিলেন ভাইয়ে।ক্রিকেটসাগরের মাঝে ক্রিকেট : ক্রিকেট মাঠের সংকটে ভুগছেন? একদম ডাহা অজুহাত। খেলতে চাইলে মাঠ যে কোনো সমস্যা নয়, সেটা কয়েকজন ব্রিটিশ হাতে-কলমে প্রমাণ করে দিয়েছেন। ইংল্যান্ডের মূল ভূমি থেকে আইল অব উইটকে বিচ্ছিন্নকারী যে সংকীর্ণ জলপ্রবাহটি আছে, এরই মাঝখানে বছরের একটা সময় ভাটা হলে ৩০ মিনিটের জন্য চর জেগে ওঠে। যে চরের নাম ব্র্যাম্বল ব্যাংক। এখানেই প্রতি সেপ্টেম্বরে রয়্যাল সাউদার্ন ইয়ট ক্লাব আর দ্য আইল্যান্ড সেইলিং ক্লাব মুখোমুখি হয় ক্রিকেট ম্যাচে। হয়েছিল এবারও।