২০১২ এশিয়া কাপ ঢাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১২ সালে ১১তম এশিয়া কাপ ক্রিকেটের আয়োজক বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি এবং চীনের গুয়াংজুও চেয়েছিল আয়োজক হতে। কিন্তু কাল ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নির্বাহী কমিটির সভায় বাংলাদেশের পক্ষেই সর্বসম্মত রায় এসেছে। ১৯৮৮ ও ২০০০ সালের পর তৃতীয়বারের মতো এশিয়া কাপের আয়োজক হচ্ছে বাংলাদেশ।এসিসির বড় দুই কর্মকর্তাই বাংলাদেশের—সভাপতি আ হ ম মোস্তফা কামাল এবং প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশরাফুল হক। বিশেষ করে এসিসির সভাপতি কোনো আয়োজন বাংলাদেশে করতে চাইলে অন্যদের পক্ষে ‘না’ বলা কঠিন। কালকের সভায় সেটিই হয়েছে বলে জানা গেছে।এমনিতে এসিসির সভা হয় খুব সংক্ষিপ্ত। তবে ঢাকার একটি অভিজাত হোটেলে কালকের সভাটির স্থায়িত্ব ছিল প্রায় দেড় ঘণ্টা। সভা শেষে সৈয়দ আশরাফুল হককে সঙ্গে নিয়ে এসিসি সভাপতি মোস্তফা কামাল সংবাদ সম্মেলনে এসেই তাঁর ভাষায় সুখবরটা দিলেন আগে, ‘২০১২ সালের ১-১১ মার্চ এশিয়া কাপ হবে বাংলাদেশে। এই সিদ্ধান্ত আমরা সর্বসম্মতভাবে নিয়েছি।’আগামী বছর শুরুতেই ঘরের মাঠে বিশ্বকাপ। পরের বছর এশিয়া কাপ। তারপর টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশের ক্রিকেটে মাঠে এবং মাঠের বাইরে খুবই ব্যস্ত সময় আসছে, বলতে ভুললেন না মোস্তফা কামাল। সভার আলোচ্যসূচি এবং অন্য সব সিদ্ধান্তের সারসংক্ষেপও জানিয়েছেন তিনি, ‘এসিসির পক্ষ থেকে কীভাবে নতুন ইভেন্ট করা যায় সেটি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আগামী বছর থেকে আমরা চারটি নতুন আয়োজন করব ঠিক করেছি। এগুলো হলো—অনূর্ধ্ব-১৯, একাডেমি, মহিলা এবং ‘এ’ দলকে নিয়ে। বিশেষ করে অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টকে আমরা বাড়তি গুরুত্ব দেব। এই আয়োজনগুলোর কিছু বাংলাদেশে হবে। এসিসিকে প্ল্যাটফর্ম ধরে বাংলাদেশে আমরা বেশি বেশি আয়োজন করতে চাই। এটাই আমাদের অন্যতম লক্ষ্য।’এসিসির উন্নয়ন কার্যক্রম, ২০১১ সালের এসিসির বাজেট অনুমোদনের পাশাপাশি এই সভায় এশিয়ান গেমসের পর অলিম্পিকেও ক্রিকেটকে কীভাবে অন্তর্ভুক্ত করা যায় সে ব্যাপারে আলোচনা হয়েছে। মোস্তফা কামাল জানান, ‘শুধুই আলোচনা করছি আমরা। কোনো সিদ্ধান্ত হয়নি। কারণ এ বিষয়টি নিয়ে আরও অনেক দূর যেতে হবে।’ এশিয়ান গেমসে এবারই প্রথম ক্রিকেট অন্তর্ভুক্ত হয়েছে এবং প্রথম আসরেই বাংলাদেশ সোনা জিতেছে। এশিয়াডে ক্রিকেট, বাংলাদেশে এশিয়া কাপ, নানা আয়োজনে অগ্রণী ভূমিকা রাখা এসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশরাফুল হককে এ সময় ধন্যবাদও জানান মোস্তফা কামাল।বিশ্বকাপের আগে বাংলাদেশ দল আরেকটি সিরিজ খেলার আকাঙ্ক্ষা জানানোর পর বোর্ডের ভাবনা কী? বিসিবি সভাপতি সরাসরিই জানিয়ে দিলেন, ‘অন্য সবাই খেলা নিয়ে ব্যস্ত। কাজেই আর কোনো সিরিজ হবে না। সামনে ঘরোয়া ক্রিকেট আছে আমাদের। তা ছাড়া জাতীয় দল প্রয়োজনে এশিয়াডে সোনাজয়ী দলের সঙ্গে খেলতে পারে।’