২০১২ পর্যন্ত ইংল্যান্ডের কোচ থাকবেন ক্যাপেলো
ইংল্যান্ডের কোচ ফ্যাবিও ক্যাপেলো জানিয়েছেন, আগামী ২০১২ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ পর্যন্ত তিনি ইংল্যান্ডের কোচের দায়িত্ব পালন করবেন।গত বিশ্বকাপে ইংল্যান্ডের বাজে পারফরম্যান্সের পর কোচ ক্যাপেলোর চাকরি নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়, তার পরও ইংলিশ এফএ ক্যাপেলোকে ইংল্যান্ডের কোচের পদে বহাল রাখে। অনেকের মতে, বিশ্বকাপে ইংল্যান্ডের চরম বাজে পারফরম্যান্সের পরও ক্যাপেলো বছরে ৬০ লাখ পাউন্ডের চাকরিটি যে বহাল রাখতে পেরেছেন, সে কারণে তিনি নিজেকে ভাগ্যবান মনে করতেই পারেন।ক্যাপেলো ইতিমধ্যেই ইংল্যান্ড দলকে নিয়ে আগামী ইউরোর জন্য কাজ শুরু করে দিয়েছেন। তবে তাঁর চাকরি নিয়ে অনিশ্চয়তাটুকু কিন্তু থেকেই যাচ্ছে। ইউরো বাছাইপর্বে ইংল্যান্ডের দু-একটি বাজে পারফরম্যান্সই ক্যাপেলোকে ২০১২ সালের আগেই বিদায় করে দেওয়ার জন্য যথেষ্ট হবে বলে মনে করে অনেকেই।অন্যদিকে ২০১২ ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে ইংল্যান্ডের শুরুটা চমত্কার হওয়ায় ক্যাপেলো স্বস্তিতেই আছেন। প্রথম দুই ম্যাচেই ইংল্যান্ড বুলগেরিয়া ও সুইজারল্যান্ডকে উড়িয়ে দিয়ে ইউরো ২০১২-এর বাছাইপর্বে শুভ সূচনা করেছে।ফ্যাবিও ক্যাপেলো মনে করেন, ২০১২ সালের ইউরো পর্যন্ত ইংল্যান্ড দলের কোচ থাকাই যথেষ্ট। ‘২০১২ সালের ইউরোর পর আমার বয়স তো অনেক বেড়ে যাবে। সে সময় কোনো জাতীয় দলের চাপ নেওয়া হয়তো আমার সম্ভব হবে না। সে সময়টি আমি আমার পরিবার-পরিজন নিয়ে শান্তিতে কাটাতে চাই।’ বলছিলেন ক্যাপেলো।—ফিফা ডট কম