২০১২ সালের আগে পাকিস্তান সফর নয়: বিসিবি সভাপতি
কিছুদিন আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি ইজাজ বাট বলেছিলেন, বাংলাদেশ নাকি বিশ্বকাপের পরপরই পাকিস্তান সফরে যাচ্ছে। বাটের দেওয়া এই তথ্য সঠিক নয় বলে জানিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা। বাংলাদেশ যে পাকিস্তান সফরে আসলেই যাচ্ছে না, তা নিশ্চিত করেছেন বোর্ডের সভাপতি আ হ ম মোস্তফা কামাল। তিনি বলেছেন, ২০১১ সালে পাকিস্তান সফরের কোনো সম্ভাবনাই নেই। তবে তিনি ২০১২ সালে বাংলাদেশের পাকিস্তান সফরের একটা সূক্ষ্ম সম্ভাবনার কথা জানিয়েছেন।নিউজ ওয়ান নামের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া বিসিবি সভাপতির একটি সাক্ষাৎকারের বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, নিরাপত্তা শঙ্কায় নয়, ব্যস্ত ক্রিকেট সূচির কারণেই এই মুহূর্তে বাংলাদেশ পাকিস্তান সফরে যাবে না। মোস্তফা কামাল বলেছেন, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি ইজাজ বাটের সঙ্গে আমার ফলপ্রসূ আলোচনা হয়েছে। বাংলাদেশ অবশ্যই পাকিস্তানে খেলতে যাবে। এ ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই। তবে ২০১১ সালে ব্যস্ত সফরসূচির কারণে বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফরের কোনো সম্ভাবনা নেই। তবে ২০১২ সালে এই সফর অনুষ্ঠিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে।’জাতীয় দল টেস্ট ও ওয়ানডে খেলতে ২০১১ সালে পাকিস্তান সফরে না গেলেও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল পাকিস্তান সফরে যাবে এবং এর কিছুদিন পরই পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলও ফিরতি সফরে বাংলাদেশে আসবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি।