২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৬ দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৭ সাল থেকে এখন পর্যন্ত তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করেছে আইসিসি। ক্রিকেটের এই ছোট সংস্করণের বিগত আসরগুলোতে অংশ নিয়েছিল ১২টি দল। ১০টি টেস্ট খেলুড়ে দেশের বাইরে সুযোগ পেয়েছিল দুইটি করে দেশ। তবে এবার টেস্ট জগতের বাইরে থাকা আরও বেশি দেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ করে দিতে যাচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। ২০১৪ সাল থেকে ১২টি দেশের বদলে ১৬টি দেশ নিয়ে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আজ সোমবার দুবাইয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাত।২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের পঞ্চম আসর। আইসিসির নতুন এই সিদ্ধান্ত বাস্তবায়ন হবে সেখানেই। হারুন লরগাত এই তথ্য জানিয়ে সাংবাদিকদের বলেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্তটা আমার কাছে খুবই আকর্ষণীয় মনে হয়েছে। আমি নিশ্চিত যে, এতে টেস্ট না খেলা দেশগুলো বৈশ্বিক পর্যায়ে প্রতিযোগীতা করার চমত্কার সুযোগ পাবে। তাদের অভিজ্ঞতার ঝুলিও অনেক ভারী হবে।’টি-টোয়েন্টি বিশ্বকাপের চতুর্থ আসর অনুষ্ঠিত হবে এবছরেরই সেপ্টেম্বরে, শ্রীলঙ্কায়। তবে এবার যথারীতি ১২টি দল নিয়েই মাঠে গড়াবে ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণের এই বিশ্বকাপ। রয়টার্স