২০১৪ বিশ্বকাপও খেলতে চান মিরোস্লাভ ক্লোসা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১০ সালের ফুটবল বিশ্বকাপে মাত্র ১টি গোলের জন্য বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা রোনালদোকে ছুঁতে পারেননি মিরোস্লাভ ক্লোসা। রেকর্ডটা অধরাই থেকে যাবে জার্মান এই স্ট্রাইকারের জন্য—এমনটাই ধরে নিয়েছিলেন সবাই। তবে ফুটবলের সবচেয়ে বড় এই আসরের সর্বোচ্চ গোলদাতার আসনে বসার জন্য ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপও খেলার ইচ্ছা পোষণ করেছেন জার্মানির অন্যতম সেরা এই স্ট্রাইকার। সেই সঙ্গে জার্মানির জার্সি গায়ে আর ৬টি গোল করে কিংবদন্তি জার্ড মুলারের ৬৮ গোলের রেকর্ডটাও ছুঁতে চান ক্লোসা।আজ সোমবার স্পোর্টস ম্যাগাজিন কিকারকে দেওয়া এক সাক্ষাত্কারে মিরোস্লাভ ক্লোসা বলেছেন, ‘যদি সবকিছু অনুকূলে থাকে, তাহলে আমি ২০১৪ সাল পর্যন্ত লািজওতেই থাকতে চাই। তারপর খেলতে চাই বিশ্বকাপে।’ ব্রাজিলিয়ান স্ট্রাইকার রোনালদো ১৫টি গোল করে এখনো দখল করে রেখেছেন বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার সম্মানসূচক আসনটি। আর মাত্র ১টি গোল করলেই তাঁর পাশে বসতে পারবেন ক্লোসা। জার্মানির জার্সি গায়েও সর্বোচ্চ গোলদাতার মাইলফলকটাও স্পর্শ করতে চান ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকার। তবে দুর্দান্ত ফর্মে থাকা মারিও গোমেজের জন্য জার্মানির মূল একাদশে জায়গা পাওয়াটাও কঠিন হয়ে উঠেছে তাঁর জন্য। কাঙ্ক্ষিত স্বপ্নটি পূরণের জন্য যে তাঁকে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে, সেটাও স্বীকার করে নিয়েছেন তিনি। বলেছেন, ‘লক্ষ্য পূরণের জন্য যে আমাকে যে অনেক বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে, সেটা সবাই বেশ ভালোমতোই জানে।’ রয়টার্স।