২০১৪ বিশ্বকাপে খেলতে চান রোনালদিনহো
ফুটবল জগত প্রায় ভুলতেই বসেছিল ব্রাজিলিয়ান তারকা ফুটবলার রোনালদিনহোকে। ২০১০ সালের বিশ্বকাপে দলে জায়গা করে নিতে পারেননি দুইবারের ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কারজয়ী এই মিডফিল্ডার। তবে দীর্ঘদিন পর আবারও দৃশ্যপটে হাজির হয়েছেন ব্রাজিলের অন্যতম সেরা এই ফুটবলার। ২০১৪ সালে ব্রাজিলে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে খেলার জন্য নিজেকে প্রস্তুত করে তুলছেন বলে জানিয়েছেন রোনালদিনহো।২০০২ সালের বিশ্বকাপে ব্রাজিলের বিশ্বকাপ শিরোপা জয়ের পেছনে প্রধান ভূমিকা রেখেছিলেন রোনালদিনহো। ২০০৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার হয়ে মাতিয়েছিলেন ইউরোপিয়ান ক্লাব ফুটবলের অঙ্গন। ২০০৪ ও ২০০৫ সালে টানা দুইবার ফিফা বর্ষসেরা পুরস্কারও জিতেছিলেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার। কিন্তু ২০১০ সালের পর ইউরোপ থেকে ব্রাজিলের ঘরোয়া ফুটবলে ফিরে আসার পর যেন হারিয়েই গিয়েছিলেন প্রতিভাবান এই ফুটবলার। তবে এখন আবারও ব্রাজিলের জার্সি গায়ে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে ফিরে আসার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন রোনালদিনহো। সম্প্রতি ভারত সফরে এসে তিনি বলেছেন, ‘ব্রাজিলের মানুষদের কাছে বিশ্বকাপ মানে অনেক কিছু। আমি আবারও এই প্রতিযোগিতাটার জন্য নিজেকে প্রস্তুত করতে চাই।’২০১০ সালে ব্রাজিলের বিশ্বকাপ মিশনে রোনালদিনহোর জায়গা না হওয়ার পর অনেকেই ধরে নিয়েছিলেন যে, ফুটবলের বড় আসরে আর কখনোই দেখা যাবে না রোনালদিনহোকে। কিন্তু শেষসময়ে সত্যিই পরিবর্তন হতে পারে ৩২ বছর বয়সী রোনালদিনহোর ভাগ্য। কারণ ব্রাজিলের কোচ হিসেবে আবার দায়িত্ব নিয়েছেন ২০০২ সালে ব্রাজিলকে বিশ্বকাপ শিরোপা জেতানো লুই ফিলিপ স্কলারি। তাঁর অধীনেই ক্যারিয়ারের অন্যতম সেরা সময়টা কাটিয়েছিলেন রোনালদিনহো। এখন স্কলারি যদি তাঁকে আবার দলে ফেরান, তাহলে অবাক হওয়ার কিছুই নেই।— পিটিআই