২০১৫ পর্যন্ত মিসবাহ!

রক্ষণাত্মক অধিনায়ক হিসেবে প্রায়ই সমালোচনাবিদ্ধ হন মিসবাহ-উল-হক। তা হোক, কিন্তু অধিনায়ক হিসেবে পাকিস্তান ক্রিকেট দলে তাঁর প্রতিদ্বন্দ্বী কে? ওয়ানডে অধিনায়ক হিসেবে পাকিস্তান ত্রিকেট বোর্ডের (পিসিবি) একাংশের পছন্দ শহীদ আফ্রিদি। তার পরও ২০১৫ বিশ্বকাপের আগে পাকিস্তানের ওয়ানডে দলে নেতৃত্বের পরিবর্তন সম্ভবত হচ্ছে না। পিসিবির এক সূত্র পিটিআইকে জানিয়েছে, ‘টেস্ট ও ওয়ানডে দুই ধরনের ক্রিকেটেই নেতৃত্ব থেকে মিসবাহকে সরানোর পরিকল্পনা বোর্ডের নেই। কারণ সে খেলোয়াড়দের ভালোভাবে সামলাচ্ছে এবং অভিজ্ঞতার পাশাপাশি তার রয়েছে ব্যক্তিগত পারফরম্যান্সের দারুণ ধারাবাহিকতা।’ তবে পিসিবি নতুন টি-টোয়েন্টি অধিনায়কের সন্ধান করছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ-ব্যর্থতায় মোহাম্মদ হাফিজের পদত্যাগে শূন্য জায়গাটিতেও মিসবাহকে বসানোর দাবি জানিয়েছেন দেশটির সাবেক পেসার বোলার সরফরাজ নওয়াজ। ওয়েবসাইট।