২০১৫ বিশ্বকাপে চোখ আফ্রিদির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যারিয়ারের এপিটাফ লেখা প্রায় হয়েই গিয়েছিল। কিন্তু আবার মাথা তুলে দাঁড়িয়েছেন। তাঁর ব্যাট যেন ফিরে পেয়েছে সেই পুরোনো স্বাদ। বোলিংয়ে অবশ্য এখনো বিবর্ণ, তবে ঘাম ঝরিয়ে যাচ্ছেন অনুশীলনে। এখনই শেষ নয়, শহীদ আফ্রিদি তাকিয়ে আগামী বিশ্বকাপে। ২০১৫ বিশ্বকাপ পর্যন্ত অন্তত খেলতে চান। তবে ব্যাটিংয়ের মতো সোজাসাপ্টাই বলেছেন, দলের বোঝা হয়ে গেলে বিদায় নেবেন নিজে থেকেই।ডিসেম্বরের ভারত সফরে ওয়ানডে দলে জায়গা হারানো আফ্রিদি দক্ষিণ আফ্রিকায় ফিরে করেছেন বিধ্বংসী ব্যাটিং। সময়ের সঙ্গে মানিয়ে নিতে এই অবসরে দারস্থ হয়েছেন মনোবিদের। লক্ষ্যপূরণে নিজেকে প্রস্তুত করে যাচ্ছেন আফ্রিদি, ‘আমার ফিটনেস লেভেল এখনো অনেক ভালো। শীর্ষ পর্যায়ে খেলে যেতে চাই। ২০১৫ বিশ্বকাপটাকে লক্ষ্য করেই এগোচ্ছি। যদিও সবকিছু নির্ভর করছে ফিটনেস ও পারফরম্যান্সের ওপর।’৩৩ বছর বয়সী অলরাউন্ডারের দাবি, দলের প্রত্যাশা পূরণ করতে না পারলে সরে দাঁড়াবেন নিজে থেকেই, ‘যখন আমার মনে হয়েছে টেস্টে আমি আর পারছি না, তখন টেস্ট ছেড়ে দিয়েছি। জোর করে খেলতে চাই না, পারফরম্যান্স না থাকলে নির্বাচকেরা আমাকে দলে নিলেও সেটাও আমার ভালো লাগবে না। পারফরম্যান্স না থাকলে ছেড়ে দিয়ে তরুণদের সুযোগ করে দেব।’পাকিস্তান ক্রিকেটের চিরন্তন এক ধারা নিয়ে অনুযোগও করেছেন সাবেক অধিনায়ক। ক্যারিয়ারে নানা বাঁকে অপমান-গঞ্জনা কম সইতে হয়নি। শুধু তিনি নন, সইতে হয়েছে আরও অনেককেই। ক্রিকেট-সংশ্লিষ্ট সবাইকে তাই অনুরোধ করেছেন, ক্রিকেটারদের আরও সম্মান করতে, ‘ক্রিকেট খেলাটাই হলো ক্রিকেটারদের জন্য। বোর্ডের অবশ্যই ক্রিকেটারদের সম্মান জানানো উচিত। ক্রিকেটাররা কোনো ভুল করলে সেটা সরাসরি তাঁদেরই বলা উচিত। নির্বাচকেরা যদি কোনো ক্রিকেটারকে বাদ দিতে চায়, সেটাও ওই ক্রিকেটারকে সরাসরি ব্যাখ্যা করা উচিত।’ এএফপি।