২০১৫ বিশ্বকাপেও টেন্ডুলকার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শততম সেঞ্চুরির আলোচনা থেমেছে। শুরু হয়েছে নতুন আলোচনা—ক্রিকেট ছাড়ছেন কবে, আর কী পাওয়ার আছে! আগামী মাসেই পূর্ণ করবেন ৩৯। পাওয়ার আর কিছু নেই, জানিয়ে দিলেন নিজেই। তবে অবসর? সেটা এখনো দূরের পথ। ক্রিকেটের প্রতি তাঁর ভালোবাসা যে কমেনি এতটুকুও। যেমন ইঙ্গিত দিলেন তাতে ২০১৫ বিশ্বকাপে ৪২ বছর বয়সে শচীন টেন্ডুলকারকে দেখলেও অবাক হওয়ার কিছু থাকবে না!ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের সম্পাদকদের রোববার মুম্বাইয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন টেন্ডুলকার। উপলক্ষ শততম সেঞ্চুরি উদ্যাপন। হওয়ার কথা ছিল ঘরোয়া আলোচনা আর সাক্ষাৎপর্ব। সেটাই কার্যত রূপ নিল অনানুষ্ঠানিক সংবাদ সম্মেলনে। এমনিতে সচরাচর মিডিয়ার সামনে না এলেও পরশুর অনুষ্ঠানে ছিলেন টেন্ডুলকারের স্ত্রী অঞ্জলিও।শততম সেঞ্চুরির পর মিরপুরের সংবাদ সম্মেলনেও অবসর নিয়ে প্রশ্ন উঠেছিল। রোববার সেটাই মনে করিয়ে দিলেন টেন্ডুলকার, ‘আমার মনে হয়, প্রশ্নটির জবাব আমি আগেই দিয়েছি। সব সময়ই বলে আসছি, অবসরের সিদ্ধান্ত নিলে আপনাদের জানাব। নিজেও জানি না আর কত দিন খেলব। খেলা শুরুর সময় ভাবতে পারিনি ২২ বছর ধরে খেলব। এখনো জানি না সামনে কী আছে। তবে এখনো খেলাটার প্রতি আমার আবেগ তীব্র। যত দিন আবেগ, আকাঙ্ক্ষা আর অনুপ্রেরণা থাকছে, খেলে যাব। যদি এমন হয় যে ভালো ফর্মে থাকার পরও নিজেকে অনুপ্রাণিত করতে পারছি না, তখন হয়তো অবসর নিয়ে ভাবব। কিন্তু ফর্ম না থাকলেও যত দিন আবেগ ও অনুপ্রেরণা আছে, তত দিন ভাবনার কিছু নেই।’সম্পাদকদের সঙ্গে সাক্ষাৎপর্ব শেষে আবার আনুষ্ঠানিক একটা সংবাদ সম্মেলনও হয়েছে ওয়ার্ল্ড স্পোর্টস গ্রুপের সৌজন্যে। এখানেও উঠেছে অবসর প্রসঙ্গ। এবার যেন একটু বিরক্ত, একটু খেপেই গেলেন টেন্ডুলকার, ‘আমার অবসরের সিদ্ধান্ত নেব আমি নিজে। যারা আমাকে অবসরের পরামর্শ দিচ্ছেন, তাদের কথায় আমাকে দলে নেওয়া হয়নি। অন্য কারও কথায় আমি খেলা শুরুও করিনি। আমি অনুপ্রেরণা পাই আমার পরিবার ও কোচদের কাছ থেকে। যেদিন সেটা পাব না, তখন অবসরের কথা ভাবব। যাদের মনে হচ্ছে আমার অবসর নেওয়া উচিত, তারা স্বার্থপর। কারণ এমন ফর্মের চূড়ায় থাকলে অবসর না নিয়ে দেশের সেবা করা উচিত।’যেমন বলছেন, এমন ফর্মের চূড়ায় হয়তো নেই টেন্ডুলকার। তবে দলের বোঝাও হয়ে যাননি। বারবার ওঠা অবসরের প্রশ্নে তাই বিরক্ত হওয়ার কারণ যথেষ্টই আছে। শততম সেঞ্চুরিটার জন্য দীর্ঘ প্রতীক্ষায় যেমন হয়েছিলেন বিচলিত। মিরপুরে সেঞ্চুরির পরই স্বীকার করেছিলেন, বড় একটা বোঝা হয়ে চেপে বসেছিল শততম সেঞ্চুরিটা। কঠিন সময়টায় কীভাবে নিজেকে অনুপ্রাণিত করেছেন, জানালেন পরশু, ‘মনে আছে আমার কোচ (রমাকান্ত আচরেকার) সব সময়ই বলতেন, মাঝেমধ্যেই খেলাটাকে খুব নিষ্ঠুর মনে হবে। তখন চিন্তার কিছু নেই, সবাইকেই এমন সময়ের মধ্য দিয়ে যেতে হয়। তেমনি খারাপ সময়ও আবার চলে যাবে। কোনো কিছুই স্থায়ী নয়, ধৈর্য ধরে প্রতিবন্ধকতাগুলো পার করতে হবে।’ ক্রিকেট থেকে পাওয়ার মতো আর যে কিছু নেই, সেটা অবশ্য নির্দ্বিধায় মেনে নিয়েছেন, ‘আমার দুটি খুব বড় স্বপ্ন ছিল, ভারতের হয়ে খেলা আর বিশ্বকাপ জয় করা—দুটিই পেয়েছি। এখন আর কোনো অধরা স্বপ্ন নেই।’ ভবিষ্যৎ নিয়ে কৌতূহল শেষ হয় না তবুও। অবসর ভাবনা যখন নেই, তবে কি দেখা যেতে পারে ২০১৫ বিশ্বকাপেও? টেন্ডুলকার যা বললেন, তাতে সেই সম্ভাবনা উড়িয়েও দেওয়া যায় না, ‘২০০৭ বিশ্বকাপের পর যখন এই প্রশ্ন করা হয়েছিল ২০১১ বিশ্বকাপ খেলব কি না, তখনো বলেছিলাম, বলা কঠিন। এখনো তাই বলতে হচ্ছে। লোকে আমার জন্য প্রার্থনা করে, আমার কাছে এটির মূল্য অনেক। আমি চেষ্টা করে যাব, বাকিটা স্রষ্টার হাতে। আমি স্রেফ খেলাটাকে উপভোগ করতে চাই।’ ওয়েবসাইট।