২০১৬ পর্যন্ত জোয়াকিম লো?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত বছর হয়ে গেল জার্মান ফুটবল দলের দায়িত্ব নিয়েছেন। জোয়াকিম লোর দায়িত্বটা সম্ভবত বাড়ছে আরও তিন বছর। জার্মান দৈনিক বিল্ড জানিয়েছে, শিগগিরই জার্মান ফুটবল ফেডারেশনের সঙ্গে ২০১৬ সাল পর্যন্ত নতুন চুক্তি করতে যাচ্ছেন লো। জার্মানি বিশ্বকাপের টিকিট পাওয়ার পরই নাকি এটি নিশ্চিত হবে।

এই সপ্তাহেই বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করে ফেলতে পারে জার্মানি। চুক্তি বাড়তে পারে ম্যানেজার অলিভিয়ের বিয়েরহফ ও গোলরক্ষক কোচ আন্দ্রেস কোপকেরও।

আশা জাগিয়েও এখন পর্যন্ত বড় কোনো শিরোপা জিততে পারেনি লোর জার্মানি। ২০০৮ ইউরো, ২০১০ বিশ্বকাপের পর ২০১২ ইউরোও তাদের আশাভঙ্গ ও আক্ষেপের গল্প। জার্মানির সোনালি প্রজন্মকে আরাধ্য সেই বিশ্বকাপটা লো এনে দিতে পারেন কি না, সেটা আগামী বছর ব্রাজিলেই দেখা যাবে। এএফপি।