পিনপতন নীরবতা তখন জুরিখের সদর দপ্তরে। সবার ঔত্সুক্য দৃষ্টি ফিফার সভাপতি সেপ ব্ল্যাটারের হাতের সাদা খামটির দিকে। ব্ল্যাটার খাম ছিঁড়ে ভেতরে থাকা সাদা কাগজে চোখ রেখেই ঘোষণা দিলেন ২০১৮ সালের বিশ্বকাপ ফুটবল আয়োজন করবে রাশিয়া আর ২০২২ সালে করবে কাতার। হর্ষধ্বনি, আনন্দ, হাততালি আর একে অপরকে জড়িয়ে ধরে উল্লাসে ফেটে পড়লেন রাশিয়া ও কাতারের ফুটবল আয়োজক কমিটির সদস্যরা। কারণ, এই প্রথবারের মতো বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে দেশ দুটি।ইংল্যান্ড, রাশিয়া এককভাবে আর যৌথভাবে স্পেন-পর্তুগাল এবং হল্যান্ড-বেলজিয়াম ছিল ২০১৮ বিশ্বকাপ আয়োজনের প্রার্থী। অন্যদিকে ২০২২ সালের জন্য যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, জাপান ও অস্ট্রেলিয়াকে হারিয়ে কাতারের আনন্দের কমতি নেই। ফিফার ২৪ জন সদস্যের ভোট দেওয়ার কথা থাকলেও ভোট দিয়েছেন ২২ জন। ভোট বিক্রির প্রস্তাব দেওয়ার অপরাধে দুই সদস্য তাহিতির রেনাল্ড টেমারি ও নাইজেরিয়ার আমোস অ্যামাডু বহিষ্কৃত হন। —বিবিসি