২০১৮ পর্যন্ত চুক্তি মেসি-বার্সার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘জানুয়ারিতে লিওনেল মেসিকে কিনে আপনাদের চমকে দেব।’ কথাটা আর্সেন ওয়েঙ্গার কৌতুক করেই বলেছিলেন। তবে যাঁরা ‘সিরিয়াসলি’ মেসিকে কেনার কথা ভাবছিলেন, তাঁদের জন্য আপাতত একটা দুঃসংবাদ। ২০১৮ সাল পর্যন্ত বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি করছেন মেসি। চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে দলের আরও দুই মূল খেলোয়াড় জাভি ও কার্লোস পুয়োলের সঙ্গেও। তিন বছর মেয়াদ বাড়িয়ে ২০১৬ পর্যন্ত থাকছেন বার্সা অধিনায়ক। তখন পুয়োলের বয়স হয়ে যাবে ৩৭। বার্সায় খেলেই অবসরে যাওয়ার পরিকল্পনাটা আরও স্পষ্ট করে দিলেন পুয়োল। সতীর্থের পথ অনুসরণ করবেন জাভিও। ২০১৬ পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছেন ৩২ বছর বয়সী জাভিও। আগামী মৌসুম থেকে ক্লাব কোচিংয়ে ফিরলেও পেপ গার্দিওলার পক্ষে সম্ভব হবে না তাঁর পুরোনো শিষ্যদের নতুন ক্লাবে টেনে নিয়ে যাওয়ার। অবশ্য গার্দিওলা তেমনটা যে করবেন, তারও কোনো মানে নেই। রয়টার্স।