২০১৮ বিশ্বকাপে চোখ নেইমারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেইমার
নেইমার

৬৪ বছর পরও ১৯৫০ বিশ্বকাপের সেই মারাকানাজো দুঃস্বপ্ন ব্রাজিলিয়ানরা ভুলতে পারেনি।এরই মধ্যে ২০১৪ বিশ্বকাপ নতুন করে কাঁদাল স্বপ্নভঙ্গের যন্ত্রণায়। এই হতাশা ব্রাজিলিয়ানদের কত দিন তাড়িয়ে ফেরে কে জানে! তবে নেইমার আরও একবার কাতর কণ্ঠে জানিয়ে দিলেন, দেশবাসীকে বিশ্বকাপ জেতানোর জন্য আপ্রাণ চেষ্টাই করেছেন তাঁরা।শিরোপার খুব কাছে গিয়েও স্রেফ পা পিছলে গেছে।
ব্রাজিলিয়ানদের শিরোপা-স্বপ্ন গুঁড়িয়ে যায় সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হয়ে। বেলো হরিজন্তের ওই ম্যাচটা নেইমারকে বুঝিয়ে দিয়েছে একটা কঠিন সত্যও। ব্রাজিলিয়ান টেলিভিশন গ্লোবোকে দেওয়া সাক্ষাৎকারে নেইমার স্পষ্টই বলে দিয়েছেন, এ মুহূর্তে ব্রাজিলের চেয়ে ফুটবলের অন্য পরাশক্তিরা এগিয়ে। বিশেষ করে জার্মানির মতো দলগুলো। নিজেদের দেশের বিশ্বকাপে ব্রাজিল কেন ব্যর্থ হলো, তার সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা নেইমারের কাছে নেই, ‘আমরা কেঁদেছি। কারণ এটা ছিল (শিরোপা জেতা) আমাদের সেই ছোটবেলার স্বপ্ন এবং কঠিন লড়াই করেই আমরা ওই পর্যন্ত গিয়েছিলাম।’
নেইমারের কাছে হারের কারণ অজানা থাকলেও নিন্দুকেরা কিন্তু ব্যর্থতার পেছনে অনেক কারণই খুঁজে বের করার চেষ্টা করেছেন। যার দিকে অভিযোগের তির ছিল, সেই লুইস ফেলিপে স্কলারিকে কোচের পদ থেকে ইতিমধ্যেই সরে যেতে হয়েছে। স্কলারির দল নির্বাচন, এমনকি ট্যাকটিকসও ভুল ছিল বলে অনেকের অভিযোগ। কিন্তু নেইমার কোচকে দায় দিতে নারাজ, ‘আমাদের একজন নেতা ছিলেন, যিনি ব্রাজিলের অন্যতম সেরা কোচ।’
যদিও নিজেই আবার বলেছেন কোচরা এমন কিছু কোচিং করাতেন, যা তরুণদের খেলার জন্য ছিল ক্ষতিকর। নিজের উদাহরণ দিয়েই নেইমার বলেছেন, ‘বল পাস দেওয়াটা খেলোয়াড়দের জন্য খুবই গুরুত্বপূর্ণ—আপনাকে জানতে হবে খেলোয়াড়টি কেন ভুল করে। আমি প্রায়ই ভুল শিক্ষা পেতাম। বল আসত আমার বাঁ পায়ে, কোচ বলতেন বল ডান পায়ে নিয়ে শট করতে, কারণ আমি ডান পায়ের খেলোয়াড়। তখন আমার বাবা এসে সংশোধন করে দিতেন এবং বলতেন, যদি বল তোমার বাঁ পায়ে আসে, তুমি বাঁ পায়েই শট করবে।’
অভিজ্ঞদের বাদ দিয়ে তারুণ্যনির্ভর দল গড়ায় স্কলারির একটা সমালোচনা টুর্নামেন্টের শুরু থেকেই ছিল। প্রশ্ন ছিল হাল্ক-ফ্রেডদের মতো খেলোয়াড়দের দলে জায়গা পাওয়া নিয়েও। কিন্তু নেইমার বলছেন, তিনি হলেও এই ২৩ জনকেই বেছে নিতেন। তাঁর অনুপস্থিতির কারণেও দল জার্মানির কাছে অসহায় আত্মসমর্পণ করেছে বলে মনে করেন না নেইমার, ‘ব্যক্তিগতভাবে কারও একার ভুলে সেলেসাওরা হারেনি। তা ছাড়া আমি যে ট্যাকটিকসটাও খুব বুঝি তা-ও নয়।’ দলের প্রস্তুতিতেও ঘাটতি ছিল বলে মনে করেন না নেইমার, ‘আমরা সব সময়ই অনুশীলন করেছি এবং সামর্থ্যের সবটুকু ঢেলে দিয়েছি।’ নেইমারের মতে ঘাটতি যেটা, সেটা হলো অনুশীলনের ধরনে। বার্সেলোনা তারকা বলেছেন, ব্রাজিলের অনুশীলন ইউরোপের মতো কঠোর এবং তীব্র নয়।

এবার যা হওয়ার হয়ে গেছে। চার বছর পর ২০১৮ বিশ্বকাপের আগে আর কোনো ঘাটতিই রাখতে রাজি নন বার্সেলোনা তারকা। বিশ্বকাপ জয়ের আজন্ম স্বপ্নটা নেইমার পূর্ণ করতে চান রাশিয়াতেই। এএফপি।