২০১৮ রাশিয়া ২০২২ কাতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুরিখে ফিফা সদর দপ্তর কাল দুটো বিস্ময় উপহার দিল। দুটো বিস্ময়-জাগানিয়া নাম। প্রায় আড়াই ঘণ্টার ভোটাভুটি শেষে ২০১৮ আর ২০২২ বিশ্বকাপের আয়োজক নির্ধারিত হলো। ব্রাজিলের পর বিশ্বকাপ আয়োজন করবে রাশিয়া, এর পর কাতার। দুটি দেশই প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে রোমাঞ্চকর ক্রীড়া আসরটি। এই প্রথম কোনো আরব এবং মুসলিম দেশে হতে যাচ্ছে বিশ্বকাপ। এএফপি, বিবিসি।রাশিয়ার নামটি হয়তো অনেকের কাছে বিস্ময়কর নয়। নির্বাচন-পূর্ব ঘুষ-কেলেঙ্কারি নিয়ে তুমুল শোরগোল হওয়ার পর ইংল্যান্ড অনেকটাই আস্থা হারিয়ে ফেলেছিল ফিফার ভোটারদের কাছে। তখনই ফেবারিট হিসেবে উঠে আসে রাশিয়া। বৃথা গেল তাই ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, রাজসিংহাসনের উত্তরসূরি প্রিন্স উইলিয়াম এবং ডেভিড বেকহামের খাটাখাটনি। জিতল জুরিখে অনুপস্থিত ভ্লাদিমির পুতিনের কূটনীতি। রুশ প্রধানমন্ত্রী অবশ্য শিগগিরই জুরিখে যাবেন বলেই শোনা যাচ্ছে।কাতারের জন্য সবচেয়ে নেতিবাচক ছিল আবহাওয়া। জুন-জুলাইয়ে এখানে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে। তবে অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে পুরোপুরি শীতাতপ নিয়ন্ত্রিত বিশ্বকাপ উপহার দেওয়ার অঙ্গীকার করেছে কাতার। সব সময় তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। সবুজ-বিশ্বকাপের প্রতিশ্রুতি দেওয়া কাতার ব্যবহার করবে সৌরশক্তিও।কাতারের পক্ষে গেছে তাদের ভৌগোলিক অবস্থান। কাতারের সময় টিভি দর্শকদের জন্য খুবই সুবিধাজনক। এতে করে প্রাচ্য-পাশ্চাত্য দুটো অঞ্চলই সুবিধাজনক সময়ে ম্যাচগুলো দেখতে পারবে। বেড়ে যাবে টিভি থেকে আয়ের অঙ্কটাও। সবচেয়ে হতাশ নিঃসন্দেহে ইংল্যান্ড। ইংলিশ অধিনায়ক রিও ফার্ডিনান্ড তাৎক্ষণিক টুইটার বার্তায় লিখেছেন, ‘ওয়াও! বিশ্বকাপ তাহলে রাশিয়ায় হচ্ছে...আমি চূড়ান্ত হতাশ। আমরা কী দোষ করলাম?’