ক্রিস গেইল, শিবনারায়ণ চন্দরপল ও দিনেশ রামদিনের ভালো ব্যাটিংয়ে ডমিনিকা টেস্টে শক্ত অবস্থান তৈরি করেছে ওয়েস্ট ইন্ডিজ। গেইল ও চন্দরপলের সেঞ্চুরিতে ভর করে ৮ উইকেটের বিনিময়ে ৩৮১ রান সংগ্রহ করে আজ দ্বিতীয় দিন শেষ করেছে স্বাগতিকেরা। ৮৬ রান এসেছে রামদিনের ব্যাট থেকে। দ্বিতীয় দিন শেষে ক্যারিবীয়রা এগিয়ে আছে ২০৬ রানে। জিম্বাবুয়ের পক্ষে তিনটি উইকেট শিকার করেছেন প্রসপার উতসেয়া।ডমিনিকা টেস্টের প্রথম দিনে জিম্বাবুয়েকে মাত্র ১৭৫ রানে গুটিয়ে দিয়ে প্রথম ইনিংসের ব্যাটিং শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। ক্রিস গেইলের দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ের সুবাদে প্রথম দিনেই স্কোরবোর্ডে ১২৪ রান জমা করে ফেলেছিল ক্যারিবীয়ানরা। উইকেট হারিয়েছিল দুটি। আজ দ্বিতীয় দিনের শুরুতেই সাজঘরে ফেরেন আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান মারলন স্যামুয়েলস। চতুর্থ উইকেটে ৬৭ রানের জুটি গড়েন গেইল ও চন্দরপল। এই জুটি খুব বেশি বিপজ্জনক হয়ে ওঠার আগেই গেইলকে আউট করে জিম্বাবুয়ে শিবিরে স্বস্তি ফেরান উতসেয়া। ১০১ রান করে ফিরে যান গেইল। তবে জিম্বাবুয়ের এই আনন্দটা দীর্ঘস্থায়ী হতে দেননি চন্দরপল ও দিনেশ রামদিন। দিনের বেশির ভাগ সময় ব্যাটিং করে পঞ্চম উইকেটে ১৭৩ রানের জুটি গড়েন এই দুই ব্যাটসম্যান। উইন্ডিজকে এনে দেন বড় সংগ্রহের ভিত্তি। দলীয় ৩৫৪ রানের মাথায় এই জুটি ভাঙেন গ্রায়েম ক্রেমার। ৮৬ রান করে আউট হন রামদিন। এরপর খুব দ্রুতই ওয়েস্ট ইন্ডিজের আরও তিনটি উইকেট তুলে নেন জিম্বাবুয়ের বোলাররা। অল্প সময়ের মধ্যেই একে একে সাজঘরে ফেরেন অধিনায়ক ড্যারেন স্যামি, চন্দরপল ও কেমার রোচ। তবে সাজঘরে ফেরার আগে চন্দরপল পূর্ণ করেছেন টেস্ট ক্যারিয়ারের ২৮তম সেঞ্চুরি।