
একসময় ফরিদপুরকে বলা হতো হকির উর্বর ভূমি। এই জেলা জন্ম দিয়েছে অনেক তারকা খেলোয়াড়। পদ্মাপারের জেলাটির সেই সোনালি দিন কোথায় যেন হারিয়ে গিয়েছিল। জাতীয় যুব হকিতে সর্বশেষ চ্যাম্পিয়ন হয় তারা ১৯৯২ সালে। ২১ বছর পর আবার তারা জিতল যুব হকির শিরোপা।
দীর্ঘ অপেক্ষার পর এমন সাফল্য বলে ফরিদপুর দলের সমর্থকেরা কাল ছিল আনন্দে বিহ্বল। ম্যাচ শেষ হতেই ভিআইপি গ্যালারি থেকে শ-দুয়েক দর্শক নেমে এল টার্ফে। সবুজ টার্ফ জুতায় মাড়িয়ে ছুটল খেলোয়াড়দের দিকে। কর্মকর্তাদের শত অনুরোধও তাদের দমাতে পারেনি।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের ফাইনালে ফরিদপুর কাল ৪-০ গোলে হারিয়েছে রাজশাহী জেলাকে। সুপার লিগে এই রাজশাহীর সঙ্গেই ২-২ গোলে ড্র করেছিল ফরিদপুর।
ফরিদপুরের হয়ে খেলেছেন জাতীয় দলের দুই তরুণ খেলোয়াড় মঈনুল ইসলাম (কৌশিক) ও সারোয়ার হোসেন। ধারে আনা মোস্তাফিজুরও খেলেছেন দুর্দান্ত। এই ত্রয়ীর স্টিকের সামনে অনেকটাই অসহায় ছিলেন রাজশাহীর খেলোয়াড়েরা। ম্যাচের ৪০ মিনিট পর্যন্ত অবশ্য ফরিদপুরকে আটকে রেখেছিল রাজশাহী। এর মিনিট খানেক পরই ফিল্ড গোলে ফরিদপুর প্রথমে এগিয়ে যায় মুস্তাফিজুর রহমানের গোলে (১-০)। ৪৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান দ্বিগুণ করেন সালমান সাদিক (২-০)। এরপর রাজশাহীও বেশ কয়েকটি সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেনি একটাও। উল্টো পাল্টা-আক্রমণে ৫৬ মিনিটে মুস্তাফিজ করেন আরেক গোল (৩-০)। ৬৪ মিনিটে রাজশাহীর কফিনে শেষ পেরেকটি ঠোকেন মঈনুল (৪-০)।
প্রেসবক্সে বসে খেলা দেখেছেন জাতীয় দলের কোচ নাভিদ আলম। সাবেক পাকিস্তানি এই খেলোয়াড়ের বিবেচনায় দুই গোল করা মুস্তাফিজুর রহমানই ম্যাচসেরা।
ফাইনালে উঠে হারতে হলো বলে হতাশ রাজশাহীর কোচ জাহিদুল ইসলাম (রাজন)। জাতীয় দলের সাবেক খেলোয়াড় বললেন, ‘রাজশাহীতে ঘাসের মাঠে প্র্যাকটিস করিয়েছি ছেলেদের। কিন্তু টার্ফে এসে ওরা মোটেও ভালো খেলতে পারেনি। এই ম্যাচে বেশ কিছু সুযোগও নষ্ট করেছি।’
আবারও যুব হকিতে চ্যাম্পিয়ন হয়ে খুব খুশি ফরিদপুরের কোচ হাসান আহমেদ। তাঁর চোখে এটি যেন ফরিদপুরের হকির পুনর্জন্ম, ‘চ্যাম্পিয়ন হয়ে আমাদের খুব ভালো লাগছে। ফরিদপুর আবারও হকিতে উঠে আসছে, এটা তারই প্রমাণ। এই খেলাটি টেলিভিশনেও দেখিয়েছে। এতেও তরুণ প্রজন্মের অনেকে হকিতে আগ্রহী হবে।’
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান খন্দকার বজলুল হক।