২১ বছর পর...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে ফ্রান্স-জুজু তাড়াল ব্রাজিল। ১৯৯৮ বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা জয়ের মুখ দেখল ২১ বছর পর। পরশু ঘরের মাঠে প্রীতি ম্যাচে ফ্রান্সের বিপক্ষে ব্রাজিলের ৩-০ গোলের জয়টা এনে দিয়েছেন তিন মিডফিল্ডার—অস্কার, হার্নানেস ও লুকাস। ১৫ জুন শুরু হতে যাওয়া কনফেডারেশনস কাপের জন্য জয়টাকে এখন টনিক হিসেবেই নিতে পারে স্কলারির দল।ফ্রান্সের সঙ্গে ব্রাজিল সর্বশেষ জিতেছিল ১৯৯২ সালে। প্যারিসের সেই প্রীতি ম্যাচের ফল ছিল ২-০। তারপর ব্রাজিল ফ্রান্সের মুখোমুখি হয়েছে ছয়বার। দুটি ড্রয়ের পাশে হার চারটিতেই। দুটি পরাজয় আবার বিশ্বকাপে—১৯৯৮ ফাইনাল ও ২০০৬ কোয়ার্টার ফাইনালে। সর্বশেষ তিন ম্যাচে গোলই করতে পারেনি ব্রাজিল। এই গোলখরা কাটিয়ে পরশু ব্রাজিলকে প্রথম এগিয়ে দেন চেলসি মিডফিল্ডার অস্কার, ৫৪ মিনিটে।ফ্রাঙ্ক রিবেরিকে ছাড়াই ফ্রান্স শুরুটা করেছিল দারুণভাবে। দ্বিতীয়ার্ধেও পাল্টা আক্রমণ করেছে মাঝেমধ্যেই। কিন্তু গোলমুখে গিয়ে তারা হারিয়ে ফেলেছে দিশা। ব্রাজিল গোলরক্ষক হুলিও সিজারকেও দিতে হয়নি বড় পরীক্ষা। দক্ষিণ আমেরিকা সফর থেকে ফ্রান্সকে ফিরতে হচ্ছে শূন্য হাতে। গত বুধবার উরুগুয়ের কাছে ১-০ গোলে হারের পর আবার পরাজয়। সফরে দেশমের দল একটা গোলও করতে পারেনি।৫৪ মিনিটে ফ্রেডের বাড়ানো ক্রসটি দারুণভাবে খুঁজে নেয় ফ্রান্সের রক্ষণে ওত পেতে থাকা অস্কারকে। অস্কার ভুল করেননি। ১১ মিনিট পর এই অস্কারকে তুলে নিতে গিয়ে দর্শক-দুয়ো শুনতে হয়েছে কোচ লুইস ফেলিপে স্কলারিকে। যদিও পরের দুটি গোলই করেছেন দুই বদলি খেলোয়াড়। ৮৫ মিনিটে দ্বিতীয় গোলটি করেন লাৎসিওর হার্নানেস। যোগ করা সময়ে পেনাল্টি থেকে শেষ গোলটি করেছেন অস্কারের পরিবর্তে নামা পিএসজির লুকাস। সমর্থকেরা দুয়ো দিয়েছে সদ্য বার্সেলোনার সঙ্গে চুক্তি করা নেইমার এবং স্কলারির ‘পছন্দের’ পাত্র হাল্ককেও। যদিও ম্যাচে বেশ কয়েকবারই বল নিয়ে ঢুকে পড়ে ফ্রান্সের রক্ষণে ভীতি ছড়িয়েছেন নেইমার।তবে জয় সবকিছু ভুলিয়ে ব্রাজিল শিবিরে এনেছে স্বস্তি। বড় স্বস্তিটা কোচ স্কলারিরই। দ্বিতীয় মেয়াদে ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর সাত ম্যাচে পেলেন দ্বিতীয় জয়ের স্বাদ! জয়ের মাহাত্ম্যটা আরও বড় হয়ে ওঠার কারণ, বড় কোনো দলের সঙ্গে ব্রাজিল জিতল নয় মাস পর। গত বছরের সেপ্টেম্বরে আর্জেন্টিনার সঙ্গে ২-১ গোলে জয়ের পর বড় কোনো দলের সঙ্গে জিততে পারেনি ব্রাজিল। এর প্রভাব পড়েছে র্যা ঙ্কিংয়েও। একসময় শীর্ষস্থানকে নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলা ব্রাজিল নামতে নামতে নেমে গেছে ২২ নম্বরে। ফুটবল ঐতিহ্য ও র্যা ঙ্কিংয়েও চার ধাপ এগিয়ে ১৮ নম্বরে থাকা ফ্রান্সের বিপক্ষে জয়টা তাই ব্রাজিলের উন্নতিরই প্রমাণ। ম্যাচ শেষে নেইমারও উন্নতির জয়গান গাইলেন, ‘জয় নিয়ে আমরা খুশি। আমরা প্রতি ম্যাচেই একটু একটু করে উন্নতি করছি। এই উন্নতিটা ধরে রাখতে হবে এবং এই জয় কনফেডারেশনস কাপের জন্য আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে।’ এএফপি।