২১ মিনিটে লন্ডভন্ড ইউনাইটেড
ফুটবল গোলের খেলা। তবে গোল করার পাশাপাশি গোল ঠেকানোটাও গুরুত্বপূর্ণ। জানা কথাটাই কাল আবার নতুন করে জানলেন লুই ফন গাল। দলবদলে বিশাল খরচের বেশির ভাগই ঢেলেছেন আক্রমণভাগের খেলোয়াড়ের পেছনে। এর কিছুটাও যদি রক্ষণে খরচ করতেন, তাহলে কাল ম্যানচেস্টার ইউনাইটেডের এমন ‘বিপর্যয়’ হতো কি না তা নিয়ে তর্ক হতে পারে। ইংলিশ প্রিমিয়ার লিগে নবাগত লেস্টার সিটির কাছে ইউনাইটেডের ৫-৩ গোলে হেরে যাওয়া তো বিপর্যয়ই!
৬২ থেকে ৮৩ মিনিট—২১ মিনিটের ঝড়ে বিধ্বস্ত ইউনাইটেড রক্ষণ। এই সময়ে গুনে গুনে ৪ গোল দিয়েছে লেস্টার। তাদের শুরুটা অবশ্য বিতর্কিত এক পেনাল্টিতে। তখনো ইউনাইটেড এগিয়ে ৩-১ গোলে। ৬২ মিনিটে ডেভিড নিউজেন্টের ওই পেনাল্টি গোলের পরই যেন খেই হারিয়ে ফেলে রেড ডেভিলরা। ৬৪ মিনিটে এস্তেবান ক্যাম্বিয়াসো ও ৭৯ মিনিটে জেমি ভার্ডি গোল করে এগিয়ে দেন স্বাগতিকদের (৪-৩)। ৮৩ মিনিটে ডিফেন্ডার টাইলার ব্ল্যাকেট লেস্টারের এক খেলোয়াড়কে ফেলে দিয়ে লাল কার্ড পান, বিপর্যয়ের ষোলোকলা পূর্ণ হয় যেন এতে। প্রাপ্ত পেনাল্টিতে গোল করে লিওনার্দো উইয়োয়া ইউনাইটেডের জালে জড়ান পঞ্চম গোল।
অথচ ৬১ মিনিট পর্যন্তও ফন গাল নির্ভার ছিলেন দল ৩-১ গোলে এগিয়ে থাকায়। ১৩ মিনিটেই ফ্যালকাওয়ের দারুণ ক্রসে হেড করে রবিন ফন পার্সি এগিয়ে দেন ইউনাইটেডকে। ডাচ স্ট্রাইকারের এটাই মৌসুমের প্রথম গোল। তিন মিনিট পরই অ্যাঙ্গেল ডি মারিয়া দারুণ একটি গোল করে ব্যবধান বাড়ান (২-০)। তবে মিনিট খানেকের মধ্যেই লেস্টারের আর্জেন্টাইন স্ট্রাইকার উইয়োয়া দুর্দান্ত এক হেডে ব্যবধান কমান (২-১)। প্রথমার্ধ শেষ হয় এভাবেই। ৫৭ মিনিটে অ্যান্ডার হেরেরা গোল করে আবার এগিয়ে দেন ইউনাইটেডকে (৩-১)। এরপরই ২১ মিনিটের ওই দুঃস্বপ্ন। প্রিমিয়ার লিগের ইতিহাসে ২ গোলে এগিয়ে থেকে প্রতিপক্ষের মাঠে আগে কখনো হারেনি ইউনাইটেড।
ম্যানচেস্টারের আরেক ক্লাব সিটিও জেতেনি কাল। ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের নাটকীয় গোলেই চেলসির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে শেষ ২৪ মিনিট ১০ জন নিয়ে খেলা দলটি। ৭১ মিনিটে আন্দ্রে শুরলের গোলে এগিয়ে যায় চেলসি। ৮৫ মিনিটে সাবেক দলের বিপক্ষে সমতাসূচক গোলটি করে অবশ্য তেমন একটা উদ্যাপন করেননি ল্যাম্পার্ড। স্টার স্পোর্টস।