২১ ম্যাচ পর ইউনাইটেডের ড্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবার্তো মানচিনির প্রার্থনাই যেন শুনলেন ফুটবল-বিধাতা। পরশু রাতে যোগ করা সময়ে গোল পেয়ে রিডিংকে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এর পর সিটি কোচ বলেছিলেন, ভাগ্য যেন এমন মুখ তুলে না তাকায় নগর প্রতিদ্বন্দ্বীদের দিকে। সে কথাই ফলে গেল। ভাগ্য, স্রেফ ভাগ্য পাশে ছিল না বলেই কাল সোয়ানসি সিটির মাঠে গিয়ে ১-১ ড্র করল ম্যানচেস্টার ইউনাইটেড। লিগে ২১ ম্যাচ পর প্রথম ড্র করল অ্যালেক্স ফার্গুসনের দল। সর্বশেষ ড্র করেছিল তারা গত মৌসুমে এভারটনের বিপক্ষে। সোয়ানসির সঙ্গে ইউনাইটেডের দুই পয়েন্ট হারানোয় সবচেয়ে লাভ হলো সিটির। শীর্ষে থাকা ইউনাইটেডের (৪৩) সঙ্গে পয়েন্ট ব্যবধান কমে দাঁড়াল চারে। ১৬ মিনিটে প্যাট্রিস এভরার গোলে এগিয়ে গিয়েছিল ইউনাইটেড। কিন্তু এই মৌসুমে অবিশ্বাস্য ফর্মে থাকা সোয়ানসি স্ট্রাইকার মিচু ২৯ মিনিটেই সমতা ফেরান। রবিন ফন পার্সিকে টপকে লিগের সর্বোচ্চ গোলদাতাও এখন মিচু (১৩টি)। ফন পার্সি অনেক চেষ্টা করেছেন। ইউনাইটেডও। কিন্তু কিছুতেই বল জালে ঢোকে। একের পর এক আক্রমণ কোনো মতে ঠেকিয়ে গেছে সোয়ানসি।ওদিকে আগের রাতে ফুলহামকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে লিভারপুল। এখনো অবশ্য তারা পড়ে আছে আটে। ইতালিয়ান লিগে টানা চার জয় দিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেওয়া এসি মিলান কিন্তু আবার হেরেছে। রোমার কাছে সেই পরাজয়টিও ৪-২ গোলে। ৪-০ গোলেই হারতে বসেছিল। কিন্তু ৮৭ ও ৮৮ মিনিটে দুই গোল শোধ করে লজ্জা কিছুটা কমিয়েছে মিলান। একই শহরের অন্য দল ইন্টারও এদিন হোঁচট খেয়েছে। নিজেদের মাঠে পয়েন্ট টেবিলের তলানির দল জেনোয়ার সঙ্গে ড্র করেছে ১-১ গোলে। তবে এই ড্র নিয়ে আফসোস করবে কি, ইন্টার ড্র-ই তো করেছে কপালগুনে। ৭৭ মিনিটে এগিয়ে গিয়েছিল জেনোয়াই। ৮৫ মিনিটে ইন্টারকে উদ্ধার করা গোলটি করেন এস্তেবান ক্যাম্বিয়াসো। এই ড্রয়ে মহামূল্যবান দুই পয়েন্ট হারিয়ে ফেলেছে ইন্টার। ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা জুভেন্টাসের সঙ্গে চারে থাকা ইন্টারের (৩৫) এখন নয় পয়েন্টের দূরত্ব। অবশ্য দুইয়ে থাকা লাৎসিও মাত্র এক পয়েন্টে এগিয়ে আছে। ইন্টারের সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে তিনে ফিওরেন্টিনা। ওয়েবসাইট।