২১ যাত্রীর বিশ্বকাপ টিকিট

রাজধানী সারায়েভো উৎসবে ভাসছে। তিন দিন ধরে নাচগানেই সময় কাটছে বসনীয়দের। বাইরে থেকে আসা কোনো অতিথি পেছনের কারণটা না জানলে হয়তো বিরক্ত হতে পারেন। কী এমন ঘটেছে যার জন্য এই লাগামহীন উচ্ছ্বাস?
প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে বসনিয়া! যে সুযোগের শুধু স্বপ্ন দেখে যায় অনেক দেশ, সত্যি আর হয় না কখনো! বসনিয়ার কাছে এটা এখন দিবালোকের মতো সত্যি। গত মঙ্গলবার লিথুয়ানিয়াকে ১-০ গোলে হারিয়ে ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে ওরা।
তবে ইতিহাস গড়ার পরও একটা আফসোস হয়তো রয়েই যাবে দেশটির জাতীয় ফুটবল দলের। এমন আনন্দের উপলক্ষ এনে দিয়েও ওরা এক করতে পারেনি জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে দেশের সবাইকে। বিশ্বকাপে সুযোগ পাওয়ার আনন্দ উদ্যাপন চলছে শুধু বসনিয়ার মুসলিমপ্রধান শহরগুলোয়। দেশটির অন্য দুটি প্রধান জাতিগোষ্ঠী সার্ব ও ক্রোটরা খুব বেশি খুশি নয় এ খবরে। জাতিগতভাবেই ওরা এখনো বসনিয়ার চেয়ে বেশি সার্বিয়া ও ক্রোয়েশিয়ার সমর্থক।
বিশ্বকাপে খেলাটা এখনো নিশ্চিত হয়নি, তবে দারুণ নাটকীয়ভাবে সে আশা এখনো বাঁচিয়ে রেখেছে কনক্যাকাফের পরাশক্তি মেক্সিকো। মঙ্গলবার রাতে কোস্টারিকার কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপে খেলার স্বপ্ন প্রায় শেষ হয়ে গিয়েছিল মেক্সিকোর। একই সময়ে শুরু হওয়া ম্যাচে নিজের মাঠে যুক্তরাষ্ট্রের বিপক্ষে পানামা তখন এগিয়ে ২-১ গোলে। শেষ পর্যন্ত ফলটা এ রকম থাকলে প্লে-অফ খেলার সুযোগ পেয়ে যেত পানামাই। কিন্তু যোগ হওয়া সময়ে পর পর দুই গোল করে যুক্তরাষ্ট্র ম্যাচ জিতে নেয় ৩-২ গোলে। পানামা হেরে যাওয়ায় প্লে-অফে খেলার সুযোগ পেয়ে যায় মেক্সিকো। আগামী মাসে দুই লেগের প্লে-অফে ওদের প্রতিপক্ষ ওশেনিয়া অঞ্চল থেকে সুযোগ পাওয়া নিউজিল্যান্ড।
অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে সরাসরিই বিশ্বকাপ খেলার সুযোগ করে নিয়েছে ইংল্যান্ড। ইউরোপের এইচ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে রয় হজসনের দল ২-০ গোলে হারিয়েছে পোল্যান্ডকে। বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে সরাসরি বিশ্বকাপ খেলা নিশ্চিত করার জন্য অপেক্ষা করতে হয়েছে গ্রুপে নিজেদের শেষ ম্যাচ পর্যন্ত। জর্জিয়াকে ২-০ গোলে হারিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছে ভিসেন্তে দেল বস্কের দল। একই গ্রুপ থেকে রানার্সআপ হয়ে প্লে-অফ খেলবে আরেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। এএফপি।