২১ রানে অলআউট!
রঞ্জি ট্রফির ৭৭তম মৌসুমের প্রথম দিনেই রাজস্থানের বিপক্ষে হায়দরাবাদ অলআউট হয়েছে ২১ রানে! রাজস্থানের দুই উদ্বোধনী বোলার ১৫.৩ ওভারে গুটিয়ে দিয়েছে হায়দরাবাদকে। ওপেনার অক্ষত রেড্ডির ৬ রান দলের সর্বোচ্চ। ভাববেন না, সাধারণ কোনো মাঠে বা অপ্রস্তুত উইকেটে খেলা হয়েছে। জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে গত ফেব্রুয়ারিতেই ভারতের ২৯৮ রান তাড়া করে ২৯৭ করেছিল দক্ষিণ আফ্রিকা। উইকেটে যে ‘জুজু’ কিছুু ছিল না, এর প্রমাণ দিন শেষে রাজস্থান করেছে ২ উইকেটে ২২০। পেসার দীপক চাহার একাই ৮ উইকেট নিয়েছেন ১০ রানে। অভিষেকে সেরা বোলিংয়ের রেকর্ডটি অবশ্য হয়নি, সেটি মহারাষ্ট্রের বসন্ত রঞ্জানের (৯/৫৬) দখলে। তবে রঞ্জির সর্বনিম্ন দলীয় স্কোরের রেকর্ড ঠিকই হয়েছে। ১৯৩৪-৩৫ মৌসুমে দক্ষিণ পাঞ্জাব করেছিল ২২। ভারতের প্রথম শ্রেণীর ক্রিকেটে সবচেয়ে কম রানের রেকর্ডটি অবশ্য ভাঙেনি, তবে ছুঁয়েছে হায়দরাবাদ। ১৯১৫-১৬ চারদলীয় কাপে ২১ রান করেছিল মোহামেডানও।সব মিলিয়ে প্রথম শ্রেণীর ক্রিকেট সবচেয়ে কম রানে আউট হয়েছে দুটি দল। ১৮৭৭ সালে এমসিসির বিপক্ষে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ১৯০৭ সালে গ্লস্টারশায়ারে নর্দাম্পটনশায়ার অলআউট হয়েছিল ১২ রানে। প্রথম শ্রেণীর ক্রিকেটে ২০ রানের নিচে স্কোর আছে ২৭টি। ১৯২২ সালে ওয়ারউইকশায়ারের ২২৩ রানের জবাবে ১৫ রানে গুটিয়ে গিয়েছিল হ্যাম্পশায়ার। ফলোঅনে পড়া হ্যাম্পশায়ার ৫২১ রান তুলে পরে ম্যাচটাই জিতে যায় ১৫৫ রানে! ওয়েবসাইট।