২১ লাখ চেয়ে প্রাপ্তি ২ লাখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুয়াংজু এশিয়ান গেমসের ছেলে ও মেয়েদের ক্রিকেট দলের জন্য বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) কাছে প্রায় ২১ লাখ টাকার বাজেট দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু বিসিবি সূত্র জানিয়েছে, বিওএ মাত্র ২ লাখ টাকা দিতে চাচ্ছে তাদের!বিসিবি-বিওএ সম্পর্কটা এমনিতে যথেষ্ট ভালো হলেও এশিয়ান গেমসের বাজেট নিয়ে একটু বোঝাপড়ার অভাব দেখা যাচ্ছে দুই পক্ষে। বিসিবি থেকে মেয়েদের প্রস্তুতি ক্যাম্প, ছেলে ও মেয়েদের অনুশীলন ও ম্যাচের পোশাক এবং মেয়েদের খেলার সরঞ্জাম বাবদ প্রায় ২১ লাখ টাকার বাজেট চাওয়া হয়েছিল। ছেলেদের দলের জন্য ৭ লাখের কিছু বেশি এবং মেয়েদের দলের বাজেট ১৩ লাখ টাকা। কিন্তু গত বৃহস্পতিবার রাতে বিওএ থেকে বিসিবিকে জানানো হয়, তাদের পক্ষে অত টাকা দেওয়া সম্ভব নয়। তারা দিতে পারবে মাত্র দুই লাখ টাকা।বিওএর সিইও কর্নেল (অব.) ওয়ালিউল্লাহ কাল প্রথম আলোকেও জানিয়েছেন এই অপারগতার কথা, ‘সব ইভেন্টেই আনুপাতিক হারে বাজেট কমানো হয়েছে। বিসিবি ২১ লাখ টাকার মতো চাইলেও বিওএর পক্ষে দুই লাখ টাকার বেশি দেওয়া সম্ভব নয়।’ ওয়ালিউল্লাহ অবশ্য জানিয়েছেন, পরে কোনো খাত থেকে টাকা পেলে ক্রিকেটকে বাড়তি অর্থ বিওএ দিতেও পারে। তবে সেটা ২০-২১ লাখ হওয়ার কোনো সম্ভাবনা নেই। গেমসে অংশগ্রহণের খরচ যেকোনো ইভেন্টের ক্ষেত্রেই বিওএর বহন করার কথা। ঢাকায় অনুষ্ঠিত গত এসএ গেমসেও ক্রিকেট দলের জন্য ৩০ লাখ টাকার বাজেট দিয়েছিল তারা।এশিয়ান গেমসে মহিলা ক্রিকেট দলের খরচ কারা দেবে, সেটি নিয়েও আছে ধোঁয়াশা। বিওএ সিইওর দাবি, ‘বিসিবি আগে বলেছে মেয়েদের দলের খরচ তারাই বহন করবে। এটা লিখিত আকারে আছে আমাদের কাছে। আমরা যে টাকাই দিচ্ছি সেটা ছেলেদের দল হিসাব করে। মেয়েদের দলের জন্যও বিওএ কোনো টাকা দিচ্ছে না।’ বিসিবির মহিলা উইংয়ের প্রধান আবদুল্লাহ আল ফুয়াদ মানতে রাজি নন দাবিটা, ‘আমরা কখনোই বলিনি মেয়েদের দলের খরচ বোর্ড বহন করবে। যদিও প্রায় দুই মাস ধরে আমরা নিজেদের খরচে মেয়েদের অনুশীলন ক্যাম্প করিয়েছি।’ বিসিবির দেওয়া বাজেটে মেয়েদের খেলার সরঞ্জামের জন্য রাখা হয়েছে ৫০ হাজার টাকা। এ ছাড়া এশিয়ান গেমস ক্রিকেটে যে প্লাটিপাস বল দিয়ে খেলা হবে, প্রতিটি ২৬০০ টাকা করে ১০ ডজন সেই বলও এর মধ্যে নিজেদের খরচে অস্ট্রেলিয়া থেকে কিনে এনেছে বিসিবি।বিওএ থেকে মাত্র ২ লাখ টাকা দেওয়ার প্রস্তাব মানতে পারছেন না এশিয়ান গেমসে ক্রিকেট দলের হেড অব ডেলিগেশন ও বিসিবি পরিচালক জালাল ইউনুস, ‘একেবারে শেষ মুহূর্তে এসে এটা ঠিক করল না বিওএ। তারা যে টাকা দেবে বলেছে সেটা খুবই নগণ্য। জাতীয় স্বার্থে প্রয়োজনে বোর্ডই ক্রিকেট দলের খরচ বহন করবে। কিন্তু বিওএর কাছ থেকে এই আচরণ আমরা আশা করিনি।’জানা গেছে, পুরো টাকা দিতে বিওএর অপারগতা প্রকাশের পর নিজেদের খরচ নিজেরাই বহনের চিন্তা করছে বিসিবি। বোর্ড সভাপতি আ হ ম মোস্তফা কামাল জরুরি ভিত্তিতে এশিয়ান গেমসের জন্য সর্বোচ্চ কাটছাঁট করে বাজেট তৈরির নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্টদের।