২১০ রানে জয়ী শ্রীলঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১, ০, ৬, ৯! সংখ্যাগুলো চেনা চেনা লাগছে? কানাডার টপ অর্ডারের চার ব্যাটসম্যানের করা রান সংখ্যা এগুলো। ৩৩৩ রানের প্রায় ‘অসম্ভব’ পথের যাত্রায় কানাডার ইনিংস থেমে যায় ১২২ রানে। আর এর মাধ্যমে ২১০ রানের বিশাল জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হলো কুমার সাঙ্গাকারাদের।রানের খাতা খোলার আগেই একটি উইকেট নেই। ১২ রানে তৃতীয় আর ৭৪ রানের সপ্তম উইকেটের পতন। এ রকম পরিস্থিতির মধ্যেও কানাডার সংগ্রহ শেষ পর্যন্ত যা দাঁড়িয়েছে, একে ‘সম্মানজনক’ বললেও হয়তো ভুল হবে না। দলটির ৩৬.৫ ওভার পর্যন্ত ব্যাট করাও যেন আরেকটি বিস্ময়।কানাডার ইনিংসটা এক নজরে দেখুন। দলের মাত্র তিনজন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পেরেছেন! সবচেয়ে সৌভাগ্যবান রিজওয়ান চিমা। দলের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেছেন যে তিনিই। ২২ রান করেন অধিনায়ক আশিষ বাগাই। ১৬ রানে অপরাজিত থাকেন হার্ভির বাইদান। শ্রীলঙ্কার হয়ে তিনটি করে উইকেট শিকার করেন কুলাসেকারা ও থিসারা পেরেরা। মুরালিধরন নেন দুটি উইকেট।শক্তির বিচারে নিতান্ত দুর্বল কানাডার বিপক্ষে শ্রীলঙ্কার সংগ্রহটা বেশি হবে, প্রত্যাশিতই ছিল। লঙ্কানদের সংগ্রহে ৩৩২ রান দেখে তাই অবাক হওয়ার কিছু ছিল না। বরং প্রশংসা পেতেই পারেন কানাডার বোলাররা। শ্রীলঙ্কার তারকা ব্যাটসম্যানদের সঙ্গে লড়ে ৭টি উইকেট তুলে নেওয়া সহজ কথা নয়।দিবা-রাত্রির এই ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন সাঙ্গাকারা। সেঞ্চুরি করেছেন মাহেলা জয়াবর্ধনে। কাছাকাছি চলে গিয়েছিলেন কুমার সাঙ্গাকারাও। এ দুজনের ১৭৯ রানের জুটিই বড় সংগ্রহ এনে দিয়েছে শ্রীলঙ্কাকে। ব্যক্তিগত ৯২ রানে সাজঘরের ফেরেন সাঙ্গাকারা। তাঁর বিদায়ের কিছুক্ষণ পর জয়াবর্ধনে ফেরেন ব্যক্তিগত ১০০ রানে। ক্রিকইনফো।