২১৫ রানেই শেষ ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যত গর্জে তত বর্ষে না। কথাটা অন্যদের জন্য যতটা প্রযোজ্য, তার চেয়ে অনেক বেশি প্রযোজ্য ইংল্যান্ডের জন্য। সেটা ফুটবলই হোক কিংবা ক্রিকেট। ব্রিটিশ মিডিয়া যতবার নিজেদের নিয়ে তর্জন-গর্জন করেছে, এর বেশির ভাগ ক্ষেত্রেই ফল হয়েছে উল্টো। এবার অ্যাশেজে যেমন বলা হচ্ছে, অস্ট্রেলিয়াকে ধবলধোলাইয়ের লজ্জায় ডোবাবে ইংল্যান্ড। শেষ পর্যন্ত কী হবে, তা সময়ই বলে দেবে। তবে অ্যাশেজের শুরুটা যেভাবে হলো, ইংল্যান্ডের জন্য অবশ্যই তা শুভ লক্ষণ নয়।অ্যাশেজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ২১৫ রানে গুটিয়ে গেছে ইংল্যান্ড। চা-বিরতির সময় সংগ্রহ ছিল ছয় উইকেটে ১৮৫ রান। বিরতির পর খেলা শুরুর কিছুক্ষণের মধ্যেই ইনিংস শেষ!আকাশ সারা দিনই মুখ ভার করে ছিল। এরই মধ্যে পেস আর সুইংয়ে টেস্টের এক নম্বর দলটাকে কাঁপিয়ে দিলেন পিটার সিডল। প্রথম দুই সেশনেই পাঁচ উইকেট ব্যাগে পুরেন অস্ট্রেলীয় এই বোলার। বিরতির পর অবশ্য উইকেটের দেখা পাননি। ২০১০ সালের সর্বশেষ অ্যাশেজে মেলবোর্নে ৬ উইকেট নিয়েছিলেন। যেখান থেকে শেষ করেছিলেন, সেখান থেকেই যেন শুরু করলেন সিডল! জেমস প্যাটিনসন তিনটি ও মিচেল স্টার্ক দুটি উইকেট নেন।নটিংহামে আজ টস-ভাগ্য সহায় ছিল ইংল্যান্ডের, তবে ব্যাটিংয়ের শুরুটা শুভ ছিল না। দলীয় ২৭ রানে সাজঘরে ফেরেন ব্যক্তিগত ১৩ রানে থাকা অ্যালিস্টার কুক। অধিনায়কের বিদায়ের পর ধাক্কা সামলানোর চেষ্টা করেছিলেন জো রুট ও জোনাথন ট্রট। কিন্তু খুব একটা সফল হননি তাঁরা। রুট ফেরেন ৩০ রান করে। ট্রট করেন দলীয় সর্বোচ্চ ৪৮ রান। ইয়ান বেলের সংগ্রহ ২৫। শেষের দিকে জনি বেয়ারস্টো ৩৭ ও স্টুয়ার্ট ব্রড ২৪ রানের ইনিংস খেলে দলীয় সংগ্রহটা দুই শর ওপরে নিয়ে যান।